চতুর্থবারের মতো শিরোপাজয়ী আবাহনী
গত মৌসুমে শেখ জামালের কাছে শিরোপাটা হারাতে হলেও এবার আবার সেটা পুনরুদ্ধার করেছে আবাহনী। আজ মঙ্গলবার লিগের শেষ খেলায় দ্বিতীয় অবস্থানে থাকা মুক্তিযোদ্ধার সঙ্গে ২-২ গোলে ড্র করে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা। এই নিয়ে প্রিমিয়ার লিগের পাঁচটি আসরের মধ্যে চারটি শিরোপাই ঘরে তুলল আকাশী-নীলরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিন আসরে কয়েক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছিল আবাহনী। তবে এবার মুক্তিযোদ্ধার সঙ্গে বেশ ভালোই লড়াই করতে হয়েছে তাদেরকে। ১৯ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ছিল ৪৪। মুক্তিযোদ্ধার ঝুলিতে ছিল ৪৩ পয়েন্ট। আজকের ম্যাচটা তাই রুপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। জিতলেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বাদ পেতে পারত মুক্তিযোদ্ধা। কিন্তু শেষপর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। ২-২ গোলে ড্র করে শিরোপা জয় নিশ্চিত করেছে আবাহনী।