র্যাঙ্কিংয়ে দুস্তর ব্যবধান। চিলি যেখানে ১৪ নম্বরে, অস্ট্রেলিয়া পড়ে আছে ৬২তে। বিশ্বকাপের দেশগুলোর মধ্যে এটাই সর্বনিম্ন। দলীয় শক্তিতেও ব্যবধান অনেক। এবার চিলিকে বলা হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ‘ডার্ক হর্স’, আর অস্ট্রেলিয়া দুর্বলতম। তার ওপর খেলা হচ্ছে চিলির চেনা পরিবেশেই। সবকিছু মিলিয়ে চিলি জয় না পেলে সেটা হবে অপ্রত্যাশিত। জয় তো বটেই, চিলি দেখছে আরও বড় স্বপ্ন। দুদিন আগে দক্ষিণ আমেরিকান দেশটির অন্যতম ভরসা আলেক্সিস সানচেজ বলেছেন, ‘আমার বিশ্বাস, চিলি বিশ্বকাপ জিততে পারে, সেটা আমি বিশ্বাস না করলে বাসায় বসে টিভিই দেখতাম।’ দুঃসাহসই বটে, তবে সেটার কাছাকাছি যেতে হলেও আগে দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে। সেই পথটাই ভীষণ কাঁটা বিছানো, পেরোতে হবে স্পেন-হল্যান্ডের গ্রুপপর্বের বাধা। আপাতত অবশ্য সানচেজরা আজকের ম্যাচ নিয়েই ভাবছেন। মাঠে নামার আগেই চিলি মিডফিল্ডার মার্সেলো ডিয়াজ কাঁপন ধরিয়ে দিতে চাইলেন প্রতিপক্ষ দলে, ‘শুক্রবারে আমরা শুরু থেকেই আক্রমণে যাব। যতক্ষণ না প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছি, ততক্ষণ আমরা সেটা চালিয়েই যাব। দেখা যাক অস্ট্রেলিয়া আমাদের জায়গা দেয় কি না, ওরা আমাদের জন্য কী পরিকল্পনা করেছে সেটাও দেখতে চাই।’ কিন্তু সকারুরা কি চিলির হাঁকডাকে কুঁকড়ে গেছে? অ্যাটাকিং মিডফিল্ডার দারিও ভিদোসিচের কথায় যথেষ্ট তেজই ছড়াল, ‘প্রতিপক্ষ কে সেটা নিয়ে আমরা ভাবছি না। ওদের দলে ১১ জন মেসি বা রোনালদো থাকতে পারে। কিন্তু আমরা দেশের মানুষকে গর্ব করার উপলক্ষ খুঁজে দিতে চাই। আমরা এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করেছি। আমাদের তিনটি নিশ্চিত ম্যাচ আছে। পরের পর্বে উঠতে যা দরকার, তার সবই আমরা করব।’ একটা জায়গায় অবশ্য অস্ট্রেলিয়া এগিয়ে। এই বিশ্বকাপে চিলির খেলোয়াড়েরাই সবচেয়ে খর্বকায়। বাতাসে তাই সুবিধাটা কাজে লাগাতে চাইবে অস্ট্রেলিয়া। ডিফেন্ডার অ্যালেক্স উইলকিনসন সে রকমই আভাস দিলেন, ‘তারা আশা করছে আমরা শারীরিকভাবে চড়াও হব। সেটা তো আমরা হবই। তবে আমরা ওদের দেখাতে চাই আমরা ফুটবলও খেলতে পারি।’ আর চিলির ডিফেন্ডার গঞ্জালো জারা ব্যাপারটা নিয়ে নির্ভার, ‘টাইমিং ও দূরত্ব হিসাব করে আমরা উচ্চতার ব্যাপারটা ভালোই সামলাব।’ ম্যাচের আগে বড় একটা সুসংবাদ পেয়েছে চিলি। চোট কাটিয়ে ফিরেছেন মধ্যমাঠের ভরসা আর্তুরো ভিদাল। তবে আজ শুরু থেকে খেলবেন কি না সেটা নিশ্চিত নয়। এএফপি৷