চনমনে হয়ে উঠেছে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি
মাশরাফি

আশা করছিলাম চার শর আশপাশে কিছু, অন্তত সাড়ে তিন শ রান। কিন্তু হলো না তিন শও। আমার মনে হয়, আগের দিনের ভুল থেকে আমরা খুব বেশি শিক্ষা নিইনি। আজও (কাল) উইকেট ছুড়ে এসেছে কয়েকজন। মুশফিক-নাসিরের জুটিতে অন্তত ৭০-৭৫ রান হলেও দলের স্কোর আরও ভালো হতো। তবে যেটা হয়নি, সেটা নিয়ে ভেবে লাভ নেই। দিন শেষে বরং বলব, বোলারদের সৌজন্যে আমরা খুব ভালো অবস্থানে আছি।
ভালো অবস্থান বলছি আমি মূলত দুটি কারণে। প্রথমত উইকেটের অবস্থা। আমার মনে হচ্ছে, এই উইকেটে এখন শট খেলা কঠিন হয়ে যাচ্ছে। একদম বাজে বল পেলেই কেবল মারা যাবে, নইলে রান করা মুশকিল। দ্বিতীয়ত, নিউজিল্যান্ডের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট আমরা নিতে পেরেছি। রাদারফোর্ড ও ম্যাককালাম উইকেটে থাকলে রান আসতই। ওদের ফেরানো তাই জরুরি ছিল। আর গত টেস্টেই ফুলটন এক প্রান্ত আগলে রেখেছে দীর্ঘক্ষণ ধরে। সেই বাধাটাকেও দূর করা গেছে। এখন যে দুজন উইকেটে আছে, রস টেলর ও কেন উইলিয়ামসন সম্ভবত ওদের সেরা দুই ব্যাটসম্যান। বিশেষ করে স্পিনে। ওরা চাইবে এই জুটিটা বড় করতে। কিন্তু আমরা যদি আর একটি-দুটি উইকেট নিতে পারি, তাহলেই কিন্তু নিউজিল্যান্ড চাপে পড়ে যাবে।
সাকিব দারুণ বোলিং করেছে। অনেকে বলছে, অবশেষে বোলিংয়ে ছন্দ ফিরে পেয়েছে ও। আমি ব্যাপারটিকে অন্যভাবে ব্যাখ্যা করব। এটি আসলে ছন্দ ফিরে পাওয়ার ব্যাপার নয়। মনে রাখতে হবে, লম্বা চোট থেকে ফিরেছে ও। অস্ত্রোপচার করার পর কিছু টি-টোয়েন্টি খেলেছে শুধু। আর পুরোপুরি ফিট না থাকলে মন যেদিকে যেতে চায়, শরীর সেদিকে যায় না। এখন একটি টেস্ট খেলার পর ওর শরীর চনমনে হয়ে উঠছে। সেটির প্রতিফলনই বোলিংয়ে।
রাজ্জাককে আমি বলব ওয়ানডের মতোই বোলিং করতে। ঘরোয়া ক্রিকেটে এত ভালো পারফরম্যান্সের পরও টেস্টে কেন পারছে না বা বোলিংয়ে কী সমস্যা হচ্ছে, এত গভীরে আমি যাচ্ছি না। তবে আমার মতে, ওয়ানডেতে যেভাবে বোলিং করে ও অনেক সফল হয়েছে, সেভাবেই বোলিং করতে পারে। তাতে ওকে খেলা কঠিন হবে। আল আমিন ও রুবেল ভালোই বোলিং করেছে। আজ ওদের কাছ থেকে আরও ভালো কিছুর আশা করছি। এই উইকেটেও ওদের ওয়াগনার কিন্তু ঠিকই ৫ উইকেট নিয়েছে। আমি বলব না যে, আমাদের দুই পেসারকেও উইকেট নিতে হবে। তবে জায়গামতো বল করে স্পিনারদের সমর্থন দেওয়াটা জরুরি।
প্রথম দুই দিনই বৃষ্টি সমস্যা করলেও আমার ধারণা, ম্যাচে ফল হওয়া সম্ভব। বোলাররা ভালো করতে পারলে সেটি আমাদের পক্ষে আনাও খুবই সম্ভব। যদি নিউজিল্যান্ডকে আড়াই শর মধ্যে আটকে রাখা যায়, তাহলেই কিন্তু চাপে পড়ে যাবে ওরা। কারণ, শেষ ইনিংসে ওদেরই ব্যাটিং করতে হবে।