এখন পর্যন্ত পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ কেউই বড় রান করতে পারেনি। এ জন্য এখনো তাদের তেমন কোনো মূল্য দিতে হয়নি। তাদের এমন সব বোলার আছে যারা সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকেও মাথা নোয়াতে বাধ্য করে। তাদের ব্যাটিং টুর্নামেন্টের সবচেয়ে খারাপ হতে পারে, তবে এই দুই দলের বোলাররা সেরাদের কাতারেই থাকবে।শহীদ আফ্রিদি ও কেমার রোচ সেই শুরু থেকেই বিপজ্জনক। আফ্রিদি যেমন আক্রমণাত্মক তেমনি পটু ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে। কেমার রোচের মতো দ্রুতগতির বোলার কীভাবে এত নিখুঁত হয়, সেটা আশ্চর্যের ব্যাপার। তার চেয়ে যদি কোনো বোলার নিয়মিত ভালো করে থাকে তবে সে হচ্ছে উমর গুল। রাজ্জাক ও পোলার্ড দুজনের কাউকেই একেবারে ফেলে দেওয়া মুশকিল। তারা তাদের সামর্থ্যের মধ্যে থেকেই গতির হেরফের ঘটাতে সিদ্ধহস্ত। রেহমান ও হাফিজের সাফল্য যেমন বিস্ময়কর তেমনি বিশুর দ্রুতগতির লেগ স্পিন।তাদের ব্যাটিং জন্ম দেয় মিশ্র অনুভূতির। দুবার মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ জিততে যাচ্ছে, কিন্তু দুবারই চিপকে তারা মুখ থুবড়ে পড়ে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে লেজটা বড়। আর পাকিস্তান মনে হয় আটে রাজ্জাকের ব্যাটিং ছাড়া অস্ট্রেলিয়ার কাছে হেরেই যেত। তাদের ম্যাচগুলো এতবার গতিপথ পাল্টায় যেটা নিরপেক্ষ দর্শকের জন্য মজার হলেও বয়স্ক ও দুর্বল হূৎপিণ্ডের দর্শকদের না দেখাই ভালো।চন্দরপলের ফর্ম যতই খারাপ হোক না কেন, তাকে আজকের ম্যাচে নিতেই হবে। পাকিস্তানি স্পিনারদের সামলাতে মিডল-অর্ডারে তার অভিজ্ঞতার প্রয়োজন আছে। ওয়েস্ট ইন্ডিজ স্পিনের বিপক্ষে ভয়াবহ রকমের খারাপ। কিন্তু স্পিনের বিপক্ষে এত বাজে খেলে কোয়ার্টার ফাইনাল পেরোবে কীভাবে?গেইল ও পোলার্ডের মাঝখানে চন্দরপলের উপস্থিতিতে তারা নিশ্চয়ই নিজেদের শক্তিটা পাবে। আর কিছু ছোট ক্যামিও ইনিংস খেলার জন্য তো স্মিথ, এডওয়ার্ডস ও ব্রাভোরা আছেই। তার পরও ৫০ ওভারের ম্যাচে পাকিস্তানের মতো ধারাবাহিক তারা নয়।অন্যদিকে পাকিস্তান হঠাৎ করেই এলোমেলো হয়ে পড়ার জন্য কুখ্যাত, সেটি তাদের খেলায় এবার দেখা যায়নি। এই টুর্নামেন্টে তাদের বোলিংটাকে সেরা মনে হচ্ছে, দুর্দান্ত উমর আকমলের সমর্থনে কাজটা করে যাচ্ছে মিসবাহ-উল হক ও ইউনুস খান। তারা অবশ্যই মোহালিতে সেমিফাইনাল খেলার জন্য তাকিয়ে থাকবে। তবে সেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যেতে পারে স্বাগতিকদের, যারা বিশ্বকাপে তাদের ঘাতক। তা যদি হয়, সেটি হবে ক্রিকেটের ধ্রুপদি লড়াই, যা দেখার জন্য ক্রিকেট-দেবতারাও অপেক্ষায় থাকেন আগ্রহভরে।