চন্দরপলকে লারার পরামর্শ
ক্ষয়িষ্ণু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-ভার দুজনে বয়ে বেড়িয়েছেন দীর্ঘদিন ধরে। সময়ের পরিক্রমায় যেতে হয়েছে একজনকে। ব্রায়ান লারা টেস্ট ক্রিকেট ছেড়েছেন ২০০৬ সালে। নিঃসঙ্গ হয়েও হাল ছাড়েননি শিবনারায়ণ চন্দরপল। বলতে গেলে একাই টেনে নিয়ে যাচ্ছেন দলের ব্যাটিংকে। এই ৩৮ ছুঁই-ছুঁই বয়সেও দলের সবচেয়ে বড় ভরসা। চন্দরপলের পারফরম্যান্সে মুগ্ধ লারাও। তবে একটা ব্যাপার মাথায় ঢুকছে না লারার, চন্দরপল কেন ব্যাটিং-অর্ডারে ওপরে উঠে আসছে না!সদ্য সমাপ্ত ফ্রাঙ্ক ওরেল ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স ছিল চন্দরপলের। সিরিজের সর্বোচ্চ ৩৪৬ রান করেছেন, ৫ ইনিংসে ব্যাট করেছেন ১১২২ মিনিট! উঠে এসেছেন টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ভঙ্গুর টপ-অর্ডারের কারণে পাঁচে নামা চন্দরপলকে প্রায়ই ব্যাট করতে হয় লোয়ার-অর্ডারদের নিয়ে। ক্যারিয়ারজুড়েই এটা হয়ে আসছে, ২৩৯ টেস্ট ইনিংসের ১৬২টিতে ব্যাট করেছেন ৫-৬ নম্বরে!ওপরে ওঠে আসার দায়িত্বটা চন্দরপলকেই নিকে বললেন লারা, ‘ব্যাপারটা আমার মাথাতেই ঢুকে না। শিব যদি এত ধারাবাহিক হতে পারে, তাহলে কেন নিজে থেকে বলতে পারে না, “আমাকে ওপরে এনে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাট করতে দিন!” দলের সেরা ব্যাটসম্যানকে অবশ্যই তিনে ব্যাট করতে হবে। তাঁকে ম্যাচ জয়ের ভিত্তি গড়তে হবে। পাঁচে নেমে ইনিংস মেরামত করার কোনো যুক্তি নেই।’লারার পরামর্শ সম্ভবত শুনছেন না চন্দরপল। ওটিস গিবসন ইঙ্গিত দিয়েছেন, চন্দরপল থাকবেন পাঁচেই। আজ শুরু হতে যাওয়া উইজডেন ট্রফিতে পরিষ্কার ফেবারিট ইংল্যান্ড। তবে লারা কিন্তু উত্তরসূরিদের ওপর ভরসা রাখছেন, ‘এই দলটা দারুণ প্রতিভাবান। যদিও খুব তরুণ দল, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে, আমরা এই গ্রীষ্মে ওদের চমকে দেব।’ এএফপি।