চন্দরপলদের আসল দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনারও নিশ্চয়ই এই অভিজ্ঞতা হয়েছে। একটা কিছু হবে বলে মনে হচ্ছে আর ঠিক সেটাই হয়ে যাচ্ছে! কখনো কখনো আপনি যা চাইছেন, সেটি একেবারেই তার বিপরীত। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে যেমন হলো। অস্ট্রেলিয়াকে এমন চেপে ধরেছে বাংলাদেশ, তার পরও আমার মন ‘কু’ ডেকেই যাচ্ছে। ৬৫ রানে অস্ট্রেলিয়ার ৬ উইকেট পড়ে যাওয়ায় একটু উত্তেজিত তো অবশ্যই হয়েছিলাম, কিন্তু তার পরও কেন যেন মনে হচ্ছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ পারবে না!মাইক হাসি শেষ ৪ ওভারে ঝড় বইয়ে দেওয়ার পর পুরোটাই নিশ্চিত হয়ে গেলাম। ম্যাচ রিপোর্টে লিখেও ফেললাম, অস্ট্রেলিয়া ১৪১ করার পরই ম্যাচ শেষ! রাতে বাংলাদেশ টিমের হোটেলে গিয়ে সাকিবদের সঙ্গে কথা বলার পর থেকেই অবশ্য খোঁচাতে শুরু করেছে প্রশ্নটা—কেন অমন মনে হলো?টি-টোয়েন্টিতে ১৪১ কোনো রানই নয়। টসে জিতে অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে নামল, কততে আটকে রাখতে পারলে খুশি জিজ্ঞেস করলে সাকিবও এক শ ষাট-টাটের কম বলতেন না। তার পরও কেন পারল না বাংলাদেশ? তার চেয়েও বড় প্রশ্ন, কেন আমার মনে হলো বাংলাদেশ পারবে না!এক তুচ্ছ সাংবাদিকের কী মনে হলো না-হলো, সেটি নিয়ে এমন গল্প ফেঁদে বসায় হয়তো বিরক্ত হচ্ছেন। সেটি জেনেও কেন তা লিখছি? কারণ বাংলাদেশের না পারা আর আমার ‘পারবে না’ মনে হওয়ার মধ্যে অভিন্ন একটা কারণ খুঁজে পাচ্ছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বারবাডোজের ফাস্ট বাউন্সি উইকেট আর অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং নিয়ে এত বেশি কথা হয়েছে যে তাতেই বোধহয় আমার মনে হয়েছে, এই উইকেটে বাংলাদেশের জন্য ১৪১ অনেক বেশি। বারবাডোজে বাংলাদেশের অতীত রেকর্ডও আশাবাদী হতে দেয়নি।ওই উইকেট, ওই ফাস্ট বোলিং, বারবাডোজের স্মৃতি—এসব তো বাংলাদেশের ব্যাটসম্যানদেরও জানা। সেসবে মাথা ভারাক্রান্ত করে নেমেছেন বলেই বোধহয় তাঁরা পারলেন না। মনের বাঘেই খেয়েছে তাঁদের।কেনসিংটন ওভালের দুই বোলিং প্রান্ত দুই গ্রেট ফাস্ট বোলারের নামে। একদিকে জোয়েল গার্নার এন্ড, অন্যদিকে ম্যালকম মার্শাল এন্ড। শন টেইট কোনো দিনই ম্যালকম মার্শাল হতে পারবেন না। তবে ম্যালকম মার্শাল প্রান্ত থেকে ম্যাচের প্রথম বলটা যেভাবে বিদ্যুচ্চমকের মতো বেরিয়ে গেল, সেটি দেখেও হয়তো বাংলাদেশের ব্যাটসম্যানদের বুকে একটা কাঁপন উঠেছে। প্রথম চার ওভারে চার উইকেট পড়ে যাওয়ার মূলে কতটা বোলিং আর কতটা ভয়—সেই প্রশ্ন তাই উঠছেই।‘ভয় পেয়েছিলেন নাকি’—এই প্রশ্নটা তো ইমরুল-আফতাবদের করা যায় না। তা ছাড়া ভয় পেলেই কি তাঁরা স্বীকার করবেন নাকি? লজ্জার ব্যাপার না! তবে সাকিবের কথা থেকে একটা ইঙ্গিত তো খুঁজে নেওয়াই যায়। অস্ট্রেলিয়া ১৪১ করার পরও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলে দাবি করছেন। কিন্তু ‘সবাই কি আত্মবিশ্বাসী ছিলেন’—এই প্রশ্ন করায় বলছেন, ‘সবার কথা বলতে পারব না।’মাঠে যখন অস্ট্রেলিয়ার অমন ত্রাহি মধুসূদন অবস্থা, মাইকেল ক্লার্কের চেয়েও বেশি দুশ্চিন্তায় শহীদ আফ্রিদি। বাংলাদেশ জিতলে নেট রান রেটে বাদ পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। ম্যাচে না থেকেও তাই ছিল পাকিস্তান। আফ্রিদিকে পেলাম না, তবে হোটেলের লবিতেই দেখা হলো ওয়াকার ইউনিসের সঙ্গে। সঙ্গে যথারীতি ইজাজ আহমেদ। মাণিকজোড়। এখানে আসার পর থেকে দুজনকে কখনো আলাদা দেখিনি। ‘কী, বাংলাদেশ নিশ্চয়ই খুব টেনশনে ফেলে দিয়েছিল’—প্রশ্নটা শুনে ইজাজ হাসছেন। কিন্তু ওয়াকার খুব গম্ভীর, ‘না, টেনশনের কী আছে? এটা ছিল আমাদের নিয়ন্ত্রণের বাইরে। টেনশন করে কী লাভ হতো?’কী মধুর বাণী! যেন শুধু লাভ আছে জানলেই মানুষ টেনশন করে। অথবা কে জানে, দীর্ঘ খেলোয়াড়ি জীবনে হয়তো নিজের নিয়ন্ত্রণে নেই, এমন কিছু নিয়ে টেনশন না করা অভ্যাসই করে ফেলেছেন ওয়াকার। ক্রিকেটারদের মনোবিদেরা প্রথমে তো এটাই বলেন, ‘উইকেট-আবহাওয়া-বোলিং এসব তোমার নিয়ন্ত্রণের বাইরে। এ নিয়ে ভেবে তাই লাভ নেই। প্রস্তুতি, তুমি কীভাবে খেলবে—এমন যা কিছু তুমি নিয়ন্ত্রণ করতে পার, তা নিয়ে ভাবো।’ম্যাচের শুরুতে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধতার কথা অবশ্য জানালেন ওয়াকার, ‘বাংলাদেশ প্লেইড ব্রিলিয়ান্টলি ইন দ্য বিগিনিং। বাট দে গেভ ইট অ্যাওয়ে।’কিছুক্ষণ পর এই ‘গেভ ইট অ্যাওয়ে’ কথাটা আবার শুনলাম। এবার বক্তার নাম শিবনারায়ণ চন্দরপল। এমন ভঙ্গিতে বললেন যেন বাংলাদেশেরই কেউ! ‘এই ম্যাচে তো আমি বাংলাদেশকেই সাপোর্ট করছিলাম।’ কেন, কী কারণে? চন্দরপলের মুখে হাসি, ‘কারণ অস্ট্রেলিয়া।’শক্তিমানের পতন সবাই দেখতে চায়। অস্ট্রেলিয়ার পরাজয় অস্ট্রেলিয়ান ছাড়া বাকি সবাইকেই তাই বড় আনন্দ দেয়। চন্দরপলদের দেয় বোধহয় আরও বেশি। একসময় যে সিংহাসনটা তাঁদের ছিল, সেটি যে কেড়ে নিয়েছে ওরা!