চন্দরপলেই সওয়ার উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রায়ান লারার পরামর্শ না শুনলেন চন্দরপল, না শুনল ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট। তাই সেই পুরোনো আর অনুমিত চিত্রনাট্য। টপ-অর্ডারের ধসে পড়া, দু-একজনের সম্ভাবনা জাগিয়েও উইকেট ছুড়ে আসা, আবারও ত্রাতা সেই শিবনারায়ণ চন্দরপল। লর্ডসের প্রথম দিনে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান আবারও দলকে ভদ্রস্থ একটা জায়গায় নিয়ে গেছেন। তবে একা কী আর স্বস্তির স্কোর এনে দেওয়া যায়! স্টুয়ার্ট ব্রডের তোপে উড়ে গেছেন চন্দরপলের সঙ্গীরা। শুরুটা হয়েছিল জেমস অ্যান্ডারসনের হাতে। পরে রীতিমতো ধ্বংসজজ্ঞ চালিয়েছেন ব্রড, একাই নিয়েছেন ৬ উইকেট। পাঁচে নেমে ইনিংস মেরামত নয়, চন্দরপলকে তিনে এসে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছিলেন লারা। কিন্তু সেই মেরামতই করতে হয়েছে চন্দরপলকে। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্ট্রোকপ্রিয় দুই ওপেনার কন্ডিশন আর প্রতিপক্ষের বোলিং বুঝে নিজেদের গুটিয়ে রেখেছিলেন। তবে এই সতর্ক ব্যাটিংয়েও শেষ রক্ষা হয়নি। অ্যান্ডারসন আরও একবার দেখিয়েছেন, কেন তাঁকে লাল বলে বিশ্বসেরা পেসারদের একজন মনে করা হয়। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা পাওয়েলকে তুলে নিলেন অসাধারণ এক বলে। অফ স্টাম্পের বাইরে পিচ করা বল চলে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান, শেষ মুহূর্তে ভেতরে ঢুকে গেল বল। শেষ মুহূর্তে পড়িমড়ি করে ব্যাট নামিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি।কার্ক এডওয়ার্ডসও আউট ভেতরে ঢোকা বলে। এতে অবশ্য ব্যাটসম্যানের দায় বেশি। সোজা না খেলে অযথা ফ্লিক করতে গিয়ে এলবিডব্লু। তৃতীয় উইকেটে বারাথ-ব্রাভোর জুটি বিপর্যয় মোটামুটি সামাল দিয়েছিলেন। দুই প্রতিভাবান ব্যাটসম্যান খেলেছেন দেখার মতো কিছু ড্রাইভ। প্রথম সেশনে আর কোনো বিপদও হতে দেননি। তবে লাঞ্চের পরপরই ফিরে গেলেন দুজন। দারুণ প্রতিজ্ঞায় বল খেলার সেঞ্চুরি করে ফেলা বারাথ আউট হলেন অফ স্টাম্পের বাইরে বাজে এক শটে। তৃতীয় স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন অ্যান্ডারসন। ড্যারেন ব্রাভো ফিরে গেলেন চন্দরপলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে দৃষ্টিকটু এক রানআউটে।সেরা জুটিটা এরপরই পেয়েছে উইন্ডিজ, পঞ্চম উইকেটে দারুণ সাবলীল ছিলেন চন্দরপল-স্যামুয়েলস। দুজনের ৮১ রানের জুটিটা ভাঙেন ব্রড। দিনের বাকিটুকুকে ব্রড আর চন্দরপলের লড়াই। এক দিনে টানা উইকেট নিয়ে গেছেন ব্রড, অন্য পরিচিত প্রেক্ষাপটে যথারীতি চওড়া চন্দরপলের ব্যাট। সাবলীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন আরেকটি ফিফটি, গত ১৪ ইনিংসে পঞ্চাশ ছাড়ালেন এই নিয়ে অষ্টমবার। সর্বোচ্চ টেস্ট রানের তালিকায় ছাড়িয়ে গেছেন সুনীল গাভাস্কারকে (১০,১২২)। এথন ২৬তম টেস্ট সেঞ্চুরির প্রতীক্ষা, ব্রড প্রতিক্ষায় ক্যারিয়ারের প্রথম ৭ উইকেটের।অনুমিতভাবেই ইংল্যান্ডের পক্ষে টেস্ট অভিষেক হয়েছে জনি বেয়ারস্টোর। তাঁর ইচ্ছা পূরণ করে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন বাবার বন্ধু জিওফ বয়কট। রবি রামপলের চোট অভিষেকের সুযোগ করে দিয়েছে ত্রিনিদাদের ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েলকে। ওয়েবসাইট।