প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে একজন সঙ্গী পেলেন ভগবত চন্দ্রশেখর। সঙ্গীর নাম ক্রিস মার্টিন, নিউজিল্যান্ডের পেসার। দুই শর ওপরে টেস্ট উইকেট, কিন্তু রান করেছেন দুই শর কম—প্রায় ৩২ বছর এই কীর্তি ছিল শুধুই ভারতীয় লেগ স্পিনার চন্দ্রশেখরের। পরশু বুলাওয়েতে জিম্বাবুয়ের কাইল জারভিসকে আউট করে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মার্টিন। ২০০ উইকেট নেওয়ার দিনে ৬২ টেস্টে মার্টিনের মোট রান মাত্র ১০৯। চন্দ্রশেখর ১৯৬৪ থেকে ১৯৭৯ পর্যন্ত ৫৮টি টেস্ট খেলেছেন। উইকেট ২৪২টি, কিন্তু রান মাত্র ১৬৭। তবে ২০০তম উইকেট পাওয়ার সময় তাঁর রান ছিল ১৫৮। টেস্ট ক্রিকেটে এক শর বেশি উইকেট কিন্তু রান এক শর কম—এমনও আছেন একজন। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার ব্রুস রিড ২৭ টেস্টে ১১৩টি উইকেট নিলেও রান করেছিলেন মাত্র ৯৩।