চব্বিশেই বিদায় জার্ভিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি খারাপ সংবাদ শুনল জিম্বাবুয়ে ক্রিকেট। এবার টেস্ট খেলুড়ে দেশটি হারাল কাইল জার্ভিসকে। কাল মাত্র ২৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন এই মিডিয়াম পেসার। দেশের হয়ে খেলার চেয়ে কাউন্টি ক্রিকেটে খেলাটাকে প্রাধান্য দিতেই জার্ভিসের এ সিদ্ধান্ত। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে কোনো ভালো খবরই নেই জিম্বাবুয়ের ক্রিকেটে। গত সপ্তাহে বেতন-ভাতা নিয়ে বিদ্রোহ করেছিলেন দেশটির ক্রিকেটাররা। ওই ঘটনাও প্রভাবিত করেছে জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট, ২৪টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা জার্ভিসকে সিদ্ধান্ত নিতে। অবসরের বিবৃতিতে জার্ভিস ওই ঘটনারও উল্লেখ করেছেন, ‘গত কয়েক মাসে বেশ কয়েকবার সিদ্ধান্ত নিতে নিতেও নিইনি। তবে সপ্তাহ খানেক আগে টাকাপয়সা নিয়ে ওই ঝামেলা বাধতেই মনে হলো, আমার চলে যাওয়ার সময় হয়েছে।’ ইংল্যান্ডের একটি শীর্ষ কাউন্টি দলের সঙ্গে জার্ভিস তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন। ওয়েবসাইট।