সেই গোলরক্ষক সোহেলকে নিয়েই নেমেছে বাংলাদেশ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। দেখে নিন বাংলাদেশের একাদশ।
ফরমেশন অনুযায়ী মাঝমাঠে ১১টি মার্কার সাজালেন। এরপর একে একে ১১ জন খেলোয়াড় ডেকে নিলেন বাংলাদেশ কোচ। যে দলটি নিয়ে গতকাল বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিয়েছিলেন ভুটান বধের শেষ মহড়া।
কিন্তু এক দিনও টেকেনি ভুটানের বিপক্ষে বাংলাদেশ কোচের সম্ভাব্য একাদশ। ২৪ ঘণ্টার ব্যবধানে একাদশে বদল এসেছে। অন্তত ম্যাচের একদিন আগেও যে একাদশ নিয়ে পরীক্ষা চালিয়েছেন, সেই দল থেকে গোলরক্ষক আশরাফুল রানাকে বসিয়ে শেষ মুহূর্তে শহিদুল আলম সোহেলকে একাদশে ঢুকিয়েছেন কোচ জেমি ডে।
নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সোহেলের ভুলের খেসারত দিয়ে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবুও এশিয়াডে দুর্দান্ত খেলা আশরাফুল রানাকে বসিয়ে একাদশে ঢোকানো হয়েছে সোহেলকে। প্রেসবক্সে গুঞ্জন, আবাহনী লিমিটেডের নিয়মিত খেলোয়াড় বলেই বারবার ভুল করা সত্ত্বেও জাতীয় দলে খেলতে কোনো সমস্যা হয় না তাঁর। বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু আবাহনী দলেরও ম্যানেজার।
এ ছাড়া এশিয়ান গেমসে খেলা শেষ তিন ম্যাচের একাদশকেই প্রাধান্য দেওয়া হয়েছে ভুটানের বিপক্ষে ম্যাচে। গোলরক্ষক সোহেল ছাড়া রক্ষণভাগে পরিবর্তন আছে একটি। লেফটব্যাক সুশান্ত ত্রিপুরার জায়গায় ওয়ালি ফয়সাল। এশিয়াডে খেলা ৪-২-৩-১ ফরমেশনই বহাল থাকছে সাফে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ শহিদুল আলম ( গোলরক্ষক) ; ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন , নাসিরউদ্দীন চৌধুরী, ওয়ালি ফয়সাল; মাঝমাঠ : জামাল ভুঁইয়া, আতিকুর রহমান ফাহাদ ও মাসুক মিয়া জনি ; আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল , বিপলু আহমেদ ও সাদ উদ্দীন।