চমক দিতে পারেননি সাবরিনা-তৃপ্তি
যে ইভেন্টটি বাংলাদেশকে স্বপ্ন দেখায় সবচেয়ে বেশি, সেই ১০ মিটার এয়ার রাইফেলে আসিফ হোসেন আগের দিন হতাশ করায় কাল মেয়েদের থ্রি পজিশন নিয়ে উচ্চাশা ছিল না। এতে ভালো কিছু করতে হলে একটা চমক দেখাতে হতো সাবরিনা সুলতানা ও তৃপ্তি দত্তকে। তাঁরা সেটা পারেননি। দিল্লিতে অনুষ্ঠানরত কমনওয়েলথ শ্যুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে ৬৫৯ স্কোর করে অষ্টম হয়েছেন সাবরিনা। চূড়ান্তপর্বে যেতে না পারা তৃপ্তি দত্তের স্কোর ৫৫৭। এই ইভেন্টে সোনা ও রুপা দুটিই গেছে ভারতের ঘরে। ৬৭১.৯ (৫৭৫+৯৬.৯) স্কোর করে সোনা জিতেছেন মীনা কুমারী, ৬৭০.৭ (৫৭৩+৯৭.৭) স্কোরে রুপা পেয়েছেন লজ্জা গোস্বামী। ব্রোঞ্জ জেতা ইংল্যান্ডের শ্যারন লির স্কোর ৬৬৬.৮ (৫৭১+৯৫.৮)। এর আগে মেয়েদের থ্রি পজিশন দলগত ইভেন্টে ১১০৬ স্কোর করে ষষ্ঠ হয় বাংলাদেশ। প্রোনে সাবরিনা (৯৫+৯৯) করেন ১৯৪, স্ট্যান্ডিংয়ে (৯৪+৮৮) ১৮২ ও নিলিংয়ে (৯২+৯৩) ১৮৫। তৃপ্তি দত্ত প্রোনে (৯৪+৯৩) ১৮৭, স্ট্যান্ডিংয়ে (৯০+৮৩) ১৭৩ ও নিলিংয়ে করেন (৯৪+৯১) ১৮৫ স্কোর। এই ইভেন্টে সোনা জিতেছেন স্কটল্যান্ডের জেনিথার ম্যাকিন্টোশ ও কে কপল্যান্ড। তাঁদের দুজনের স্কোর ১১৩৬। ১১৩৫ স্কোর করে রুপা জিতেছেন ওয়েলসের দুই শ্যুটার জেনিফার কোরিশ ও সিয়ান কোরিশ। ব্রোঞ্জ জিতেছেন ভারতের লজ্জা গোস্বামী ও তেজস্বিনী সাওয়ান্ত। তাঁদের স্কোরও ১১৩৫। তবে টাইয়ে এগিয়ে থাকায় রুপা গেছে স্কটল্যান্ডে।