চমক দিতেই চেয়েছিলেন লো
জার্মান এক তরুণী তাঁর ঠোঁট-পঠন করেন, এটা জেনে তিনি সতর্ক। কথা দিয়েছেন, মেজাজ ধরে রাখবেন। কিন্তু প্রথমার্ধে যেভাবে একের পর এক সুযোগ হাতছাড়া করছিল শিষ্যরা, জোয়াকিম লো নিশ্চিত কথা রাখতে পারেননি। বেশ কবার ডাগ-আউটে ক্যামেরা ধরল তাঁকে। হাত-পা ছুড়ে যেভাবে চিৎকার করছিলেন, আর যা-ই হোক, সে সময় তাঁর মুখে কবিতা ছিল না। ম্যাচ শেষে সেই লো-ই শান্ত-সৌম্য। শিষ্যরা যে শেষ পর্যন্ত বড় জয়ই এনে দিল জার্মান কোচকে।এই দলটার সঙ্গে আছেন সেই ২০০৪ সাল থেকে। প্রথমে ছিলেন ক্লিন্সমানের সহকারী। ২০০৬ বিশ্বকাপের পর মূল কোচ। গত বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন একেবারে আনকোরা তরুণ একটি দল। এবারের ইউরোতেও তাই। সেই জার্মানিই দুর্দান্ত খেলে উঠে গেল শেষ চারে। এ নিয়ে টানা চারটি বড় টুর্নামেন্টে শেষ চারে উঠল জার্মানরা। ২০০৬ বিশ্বকাপে হয়েছিল তৃতীয়, ২০০৮ ইউরোয় রানার্সআপ, গত বিশ্বকাপে আবারও তৃতীয়। লো বলছেন, এই দলের এখন একটা শিরোপা প্রাপ্য হয়ে গেছে, ‘এটা আমাদের বড় টুর্নামেন্টে চতুর্থ সেমিফাইনাল। এটা অনেক বড় একটা অর্জন। এই টুর্নামেন্টে আমরা সবচেয়ে তরুণ কিন্তু সবচেয়ে সম্ভাবনাময় দল।’বিশ্বের অনেক বাঘা বাঘা কোচ যেটি করতে সাহস পেতেন না, সেটাই পরশু করেছেন লো। আক্রমণভাগে প্রথম একাদশের তিনজনকে বসিয়ে খেলিয়েছেন বেঞ্চের তিনজনকে! কেন এই সিদ্ধান্ত? এ নিয়ে অনেক কৌতূহল। লো সেই কৌতূহল মেটালেন। জানালেন, গ্রিস কোচের ম্যাচের আগে কষা পরিকল্পনা ভণ্ডুল করে দিতেই এই জুয়াটা খেলেছেন, ‘আসলে আমার মনে হয়েছে, ওদের কাছে অপ্রত্যাশিতভাবে আমাদের হাজির হওয়া দরকার। জানতাম, ওরা আমাদের জন্য ভালোই প্রস্তুতি নেবে, কারণ ওরা আমাদের খেলোয়াড়দের ভালো করে চেনে। এ কারণেই ভাবলাম সবকিছু নতুন করে সাজাই। শেষ পর্যন্ত এটা কাজেও দিয়েছে।’পুরো দলের তো বটেই, আলাদা করে অধিনায়ক ফিলিপ লামের বিশেষ প্রশংসা করেছেন কোচ। ২০১০ বিশ্বকাপে নেতৃত্বভার পেয়ে এতটাই ভালো করেছেন, মাইকেল বালাকের ক্যারিয়ারই শেষ হয়ে গেছে। এই ম্যাচের গ্রিক রক্ষণের জটটা লামই প্রথম খুলেছেন। ‘বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ গোল করায় লাম ওস্তাদ’—বলেছেন লো। আর লাম যোগ্য অধিনায়কের মতো কৃতিত্ব পুরো দলে ভাগ করে দিয়ে মনে করিয়ে দিয়েছেন, কাজ এখনো শেষ হয়নি, ‘এই ম্যাচ নিয়ে আমরা তৃপ্ত হতেই পারি। তবে এখন সামনে তাকানোর পালা।’ ম্যাচের আগে জার্মানির প্রতি যে শ্রদ্ধা ছিল গ্রিসের কোচ ফার্নান্দো সান্তোসের, ম্যাচের পর সেটি আরও বেড়েছে, ‘টুর্নামেন্টের শুরুতে, এমনকি শুরুর আগেও আমি বলেছিলাম স্পেন ও জার্মানিই ফেবারিট। জার্মানি তাদের শক্তিমত্তা প্রমাণ করেছে। আমাদের দম ফেলারই সুযোগ দেয়নি তারা।’ দুর্দান্ত লড়াই করার জন্য নিজের দলকেও অবশ্য অভিনন্দন জানিয়েছেন এই পর্তুগিজ কোচ। গ্রিস এখন তাকাচ্ছে ২০১৪ বিশ্বকাপের দিকে। ‘আমরা এই টুর্নামেন্ট উপভোগ করেছি, আশা করি, আমাদের সমর্থকেরাও উপভোগ করেছে আমাদের প্রতিটি প্রচেষ্টা। এখন ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নেওয়া আমাদের লক্ষ্য’—বলেছেন দিমিত্রিস সালপিনজিদিস। এএফপি, রয়টার্স।