চমক দিয়ে শুরু হায়দরাবাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে খুব একটা চমকপ্রদ পারফরমেন্স দেখাতে না পারলেও বল হাতে সবাইকে চমকে দিয়েছে আইপিএলের নবাগত দল সানরাইজারস হায়দরাবাদ। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তারা পেয়েছে ২২ রানের দুর্দান্ত এক জয়। টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্যটা খুব একটা কঠিন কিছু না। কিন্তু থিসারা পেরেরা, অমিত মিশ্র ও ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ের মুখে পুনের ইনিংস শেষ হয় ১০৪ রানে। তিনটি করে উইকেট নিয়েছেন স্টেইন ও অমিত মিশ্র। ব্যাট হাতে হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলার পর বল হাতেও দুটি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা।জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুবই ধীরগতিতে করেছিল পুনে ওয়ারিয়র্স। উদ্বোধনী জুটিতে ৪১ বলে ৩৬ রানের জুটি গড়েন রবিন উথাপ্পা ও মনিশ পান্ডে। সপ্তম ওভারে এই জুটি ভাঙ্গেন থিসারা পেরেরা। ২৪ রান করে ফিরে যান উথাপ্পা। এরপর স্কোরবোর্ডে ৫০ রান জমা করতেই সাজঘরে ফেরেন মারলন স্যামুয়েলস, যুবরাজ সিং ও মনিশ পান্ডে।পঞ্চম উইকেটে ৩৩ রানের জুটি গড়ে পুনে ওয়ারিয়র্স শিবিরকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন রস টেলর ও অভিষেক নায়ার। কিন্তু টানা দুই ওভারে আউট হন এই দুই ব্যাটসম্যান। দুজনের ব্যাট থেকেই এসেছে ১৯ রান। এ সময়ই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় হায়দরাবাদের। পুনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ডেল স্টেইন। নিজের শেষ ওভারে তিনটি উইকেট নিয়ে পুনের ইনিংস ১০৪ রানেই শেষ করে দেন এই দক্ষিণ আফ্রিকার ওই পেসার।