চমক দেখাল আশরাফুলের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রথম ম্যাচেই জয়, তা-ও আবার ভারতের মতো প্রতিপক্ষের সঙ্গে। বাংলাদেশের যুবাদের উদ্‌যাপন তাই এমন বাঁধনহারা! কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l প্রথম আলো
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রথম ম্যাচেই জয়, তা-ও আবার ভারতের মতো প্রতিপক্ষের সঙ্গে। বাংলাদেশের যুবাদের উদ্‌যাপন তাই এমন বাঁধনহারা! কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l প্রথম আলো

মওলানা ভাসানী স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে এত আলো কোথা থেকে এল? সূর্য ডুবছে অথচ মনে হচ্ছে আলোর রোশনাই খেলা করছে বাংলাদেশ দলকে ঘিরে। সেই আলোর সমুদ্রে দাঁড়িয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বললেন, ‘কী অসাধারণ খেলল ছেলেরা। আমি সত্যিই ওদের নিয়ে গর্বিত।’
হকির ‘ফজলু ওস্তাদ’ বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, ‘এই দলের পাঁচটি ছেলের শুরুটা কিন্তু আমার হাত ধরে।’ সেই ছেলেদের কীর্তিতে বিকেএসপির প্রধান কোচ আর এই বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের ম্যানেজার কাওসার আলী আবেগাপ্লুত, ‘আত্মবিশ্বাস ছিল ছেলেরা ভালো কিছু করতে পারবে। সেটা তারা করে দেখাল প্রথম ম্যাচেই।’
সেটিও ভারতের অনূর্ধ্ব-১৮ দলকে হারিয়ে! যুব হকির এশিয়া কাপ শুরুটা দারুণ হলো বাংলাদেশের। ৫-৪ গোলের রুদ্ধশ্বাস জয়, গোটা স্টেডিয়ামে তাই শুধুই আশরাফুলদের বন্দনা।

৪ গোল করে বাংলাদেশের জয়ের নায়ক আশরাফুল l প্রথম আলো
৪ গোল করে বাংলাদেশের জয়ের নায়ক আশরাফুল l প্রথম আলো

পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল স্টিকের ছোঁয়ায় যা করলেন, করতালি তাঁর প্রাপ্যই। বাংলাদেশের ৫ গোলের ৪টিই তাঁর। ৪টিই পেনাল্টি কর্নারে, নিখুঁত সব ড্র্যাগ ফ্লিকে। শেষ দিকে ভারত ৪-৪ করে ফেলার পর জয়সূচক গোলটাও এনে দিলেন ম্যাচসেরা আশরাফুল।
নায়ক অবশ্যই আশরাফুল। তবে ভারতের বক্সে গিয়ে বারবার পেনাল্টি কর্নার আদায় দল হিসেবে সংগঠিত বাংলাদেশেরই প্রতিচ্ছবি। বাংলাদেশ ১০টি পেনাল্টি কর্নার পেয়েছে, ভারত ৬টি। বাংলাদেশ ম্যাচে চারবার এগিয়ে গিয়েছিল। ভারত একবার। ১-০-তে পিছিয়ে থেকে যখন ভারত ২-১ করল, ঠিক তখন লড়াকু বাংলাদেশের দেখা মিলেছে।
ভোজবাজির মতো বারবার পাল্টে যাচ্ছিল ম্যাচের স্কোরলাইন। লড়াইটা ভারতের সঙ্গে বলেই হয়তো একটু বেশিই তেতে ছিল বাংলাদেশ। সেটাই স্বাভাবিক। ক্রিকেট-ফুটবল ছাড়িয়ে হকি মাঠেও বাংলাদেশ-ভারত মানে বাড়তি উত্তেজনা। আর লড়াইটা বয়সভিত্তিক পর্যায়ে হলে দুই দলের মধ্যে ব্যবধানটা কমে আসে অনেক।
এ কারণেই কিনা শুরু থেকেই বাংলাদেশ আক্রমণের ঢেউ তুলল। ১৬ মিনিটে পেনাল্টি কর্নারে রাব্বির পুশে আশরাফুলের ড্র্যাগ ফ্লিকে ১-০। ২০ মিনিটে ভারতের ধারমিন্দর সিং পেনাল্টি স্ট্রোকে ১-১ করেন। ২৫ মিনিটে কনজেংবামের ফিল্ড গোলে ২-১।
কিন্তু ৩০ মিনিটে আশরাফুলের পেনাল্টি কর্নারে ২-২। ৩৮ মিনিটে তাঁর হ্যাটট্রিক পূর্ণ। ৪৯ মিনিটে হার্দিক সিং ৩-৩ করার পরের মিনিটেই রাব্বির কল্যাণে ৪-৩। অনেক দিন পর হকি স্টেডিয়াম তখন উত্তেজনায় ফুটছে।
ভারতের দিলপ্রিত সিং ৫২ মিনিটে ৪-৪ করলে নাটকীয়তা তুঙ্গে উঠল। স্নায়ু ধরে রেখে ৬২ মিনিটে আশরাফুল জয়সূচক গোল এনে দিতেই আনন্দে আত্মহারা গোটা দল। ভারতের বিপক্ষে বয়সভিত্তিক হকিতে এর আগেও জয় আছে বাংলাদেশের। ২০০৪ ঢাকায় অনূর্ধ্ব-২১ চ্যালেঞ্জ কাপের গোলশূন্য ফাইনাল শেষে টাইব্রেকারের জয়টা হয়ে আছে সবচেয়ে স্মরণীয়।
কদিন আগে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে তারুণ্যের শক্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আর এই যুব হকি দলটি এখানে চ্যাম্পিয়ন হলে গোটা এশিয়ারই সেরা হবে। ভারত, পাকিস্তানসহ এই অনূর্ধ্ব-১৮ হকিতে সাতটি দল খেলছে। গুলশান হত্যাকাণ্ডে জাপান আসেনি। আরও কয়েকটি দল নিবন্ধনই করেনি।
ভারত-পাকিস্তান খেলতে এসেছে ফেবারিট হয়েই। পাকিস্তান প্রথম ম্যাচে তাইপেকে ৬–১ গোলে গুড়িয়ে ভালোভাবেই শুরু করেছে (চীন ৬–০ গোলে হারিয়েছে হংকংকে)। কিন্তু কাল ভারতকে হারিয়ে হিসাব পাল্টে দিয়েছে বাংলাদেশ। ওমানের সঙ্গে আগামী পরশু গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতলে নকআউট পর্ব। তারুণ্যের শক্তিতে বলীয়ান বাংলাদেশ এখন স্বপ্ন দেখতেই পারে!