চমক দেখালেন বোলার আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারছিলেন না মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৩ রান। তার পরও আজ দ্বিতীয় দিনের নায়ক আশরাফুলই। তবে ব্যাট হাতে নয়, বল হাতে চমক দেখিয়েছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে প্রতিপক্ষ উত্তরাঞ্চলকে ২৭৪ রানেই গুটিয়ে দিয়েছেন এই ডানহাতি বোলার। প্রথম ইনিংসে তাঁর দল মধ্যাঞ্চল পেয়েছে ৩ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে মধ্যাঞ্চল।প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের করা ২৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালোভাবেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যানেরা। নাসির হোসেনের ৭৪, জহুরুল ইসলামের ৪৭ এবং মশিউর রহমান ও নাঈম ইসলামের ৩৫ রানের ইনিংস দুটির সুবাদে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছিল উত্তরাঞ্চল। কিন্তু হাতে আরও চারটি উইকেট থাকা সত্ত্বেও ওই ২৭৪ রানের থেমে যায় তাদের প্রথম ইনিংস। উত্তরাঞ্চলের এই সর্বনাশটা করেন মোহাম্মদ আশরাফুল। ৭৯তম ওভারে নিজের প্রথম ওভার বল করতে এসেই চমক দেখান এই ডানহাতি স্পিনার। শেষ তিন বলে ফরহাদ রেজা, সাজিদুল ইসলাম ও সাকলাইন সজীবের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পরের ওভারের প্রথম বলেই উত্তরাঞ্চলের শেষ ব্যাটসম্যানকে সাজঘরমুখী করেন মোশাররফ হোসেন।