
অ্যাশটন অ্যাগার কি হাসলেন? দৃষ্টিভ্রম নয়, অ্যাগারের মুখে সত্যি হাসি। ফেরার পথে অবশ্য হতাশায় চুলে-মুখে হাত বুলালেন একবার। পরক্ষণেই গ্যালারির দিকে ব্যাট তুলে হাসলেন। হয়তো আক্ষেপের হাসি, তবে ট্রেন্ট ব্রিজের চকচকে রোদে ওই হাসিতে গৌরবের ঝিলিকটাই যেন বেশি ধরা পড়ল। ইতিহাস গড়া ৯৮ তো আর ওই ২ রানের আক্ষেপে ম্লান হতে পারে না!
গর্বের চেয়েও বেশি অবশ্য চমক! বাঁহাতি স্পিনে কেভিন পিটারসেনের দুর্বলতা, ইংল্যান্ড দলে ভূরি ভূরি ডানহাতি ব্যাটসম্যান—একাদশে অ্যাগারের অন্তর্ভুক্তিতে এই ছিল কোচ-অধিনায়কের যুক্তি। কাল অ্যাগারের একেকটি শটে ড্রেসিংরুমে লেম্যান-ক্লার্কের হাসি বারবারই বলে দিচ্ছিল, এমন কিছু তাঁদের সুদূরতম কল্পনাতেও ছিল না। আগের দিনই যখন টেস্ট ক্যাপ তুলে দিলেন অ্যাগারের হাতে, গ্লেন ম্যাকগ্রা কি ভাবতে পেরেছিলেন ১১ নম্বরে নেমে তাঁর অস্ট্রেলিয়ান রেকর্ড (৬১) ভেঙে দেবেন তরুণ এই স্পিনার!
অ্যাগার নিজেও কি ভাবতে পেরেছিলেন! ব্যাটিংটাও যে টুকটাক পারেন, সেটার প্রমাণ প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ৭ ম্যাচে তিন ফিফটিতেই। তবে মূল পরিচয় তো বাঁহাতি স্পিনার! অভিষেক নিয়ে স্বপ্নের যত মালা গেঁথেছিলেন, তাতে ব্যাটিংয়ের কোনো ফুল নিশ্চিতভাবেই ছিল না। অথচ ব্যাটিংয়েই ওলটপালট করে দিলেন রেকর্ড বই। ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান, শেষ উইকেটে সবচেয়ে বড় জুটি, সেটাও অভিষেকে—এসব আসলে ভাবা যায় না, স্রেফ হয়ে যায়। উইকেটের চারপাশে যেসব শট খেলেছেন, তাতে ভবিষ্যৎ এক অলরাউন্ডারের ছায়া দেখতেই পারে অস্ট্রেলিয়া।
অবিশ্বাস্য গল্পটার শেষে ট্র্যাজেডির ছোঁয়াও থাকল। ব্রডের বলে পুল শটটাকে নিচে রাখতে পারলেই হয়ে যেতেন ১১ নম্বরে প্রথম সেঞ্চুরিয়ান। কিন্তু অল্পের জন্য ফসকে গেল আরেকটি ইতিহাস। তার পরও অ্যাগার এখন রূপকথার নায়ক। এ জন্যই তো ফেরার পথে দাঁড়িয়ে অভিবাদন জানাল পুরো ট্রেন্ট ব্রিজ! ছেলের অভিষেক দেখতে অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা বাবা-মাকে ড্রেসিংরুমে ফেরার পথে নতমুখে বলে গেলেন ‘স্যরি।’ তবে মাথাটা এখন উঁচুই রাখতে পারেন ১৯ বছরের বিস্ময়-তরুণ।
রূপকথার এই গল্পে গুরুত্বপূর্ণ একটা চরিত্র ফিল হিউজও। ওপেনার থেকে তিন নম্বর হয়ে এই টেস্টে নেমে এসেছেন ছয়ে। আরেকটি ব্যর্থতা প্রশ্ন তুলে দিত দলে জায়গা নিয়ে। অপরাজিত ৮১ রানের ইনিংসটি মুছে দিল সেই প্রশ্ন। ওয়েবসাইট।
সকালে হিউজের সঙ্গে ৫৫ রানের জুটির পথে স্টিভ স্মিথ তুলে নেন ফিফটি। এরপর জিমি অ্যান্ডারসনের রিভার্স সুইং-জাদুতে হঠাৎই তছনছ অস্ট্রেলিয়া, ১১ রানের মধ্যে নেই ৫ উইকেট! ৫ উইকেট নিয়ে অ্যালেক বেডসারকে (৪১) ছাপিয়ে এই মাঠের সফলতম বোলার হয়ে গেলেন অ্যান্ডারসন (৪৪)। তখনও কেউ ভাবতে পারেনি, কী বিস্ময় জমা রেখেছে ট্রেন্ট ব্রিজ!
বড় লিডের বদলে ৬৫ রানে পিছিয়ে পড়ে হতভম্ব ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে শুরুতেই হারায় ২ উইকেট। কুক-পিটারসেনের সতর্ক ব্যাটিংয়ে শেষপর্যন্ত দিন শেষ করেছে ১৫ রানে এগিয়ে থেকে, হাতে ৮ উইকেট।
অ্যাগারনামা
টেস্ট অভিষেকে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ অপরাজিত ৪৫ ছিল অস্ট্রেলিয়ারই ওয়ারউইক আর্মস্ট্রংয়ের, ১৯০২ সালে।
১১ নম্বরে নেমে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ৯৫ ছিল গত বছর ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্টের।
হিউজ-অ্যাগারের ১৬৩ শেষ উইকেটে টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জুটি। আগের সর্বোচ্চ ১৫১ ছিল দুটি জুটির—নিউজিল্যান্ডের ব্রায়ান হেস্টিংস ও রিচার্ড কলিঞ্জ (১৯৭৩) এবং পাকিস্তানের আজহার মেহমুদ ও মুশতাক আহমেদ (১৯৯৭)।