চমকাতে পারেননি ফেলপস, তবে ধার কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারিজোনায় পুলে মাইকেল ফেলপস। ছবি: এএফপি
অ্যারিজোনায় পুলে মাইকেল ফেলপস। ছবি: এএফপি

সাঁতারের রাজা মাইকেল ফেলপস মানেই চমক। তাই গত সপ্তাহে তিনি যখন অবসর থেকে ফেরার কথা ঘোষণা করেন, সবাই ভাবছিল এবার নতুন কী চমক আসে! গতকাল বৃহস্পতিবার অ্যারিজোনায় পুলে নেমে ১০০ মিটার বাটারফ্লাইয়ে ভক্তদের সে প্রত্যাশা তিনি পুরোপুরি পূরণ করতে পারেননি। হয়েছেন দ্বিতীয়। তবে ২০ মাস পর পুলে নামার পরও সাঁতারের রাজার ধারটা যে খুব একটা কমেনি, সেটি অন্তত টের পাওয়া গেল।

অ্যারিজোনায় ১০০ মিটার বাটারফ্লাইয়ে ফেলপসকে পেছনে ফেলেছেন তাঁরই পুরোনো প্রতিদ্বন্দ্বী রায়ান লটি। ১১টি অলম্পিক পদক বিজয়ী মার্কিন সাঁতারু রায়ানের সময় লেগেছে ৫১ দশমিক ৯৩ সেকেন্ড। এ বছর এটিই দ্বিতীয় দ্রুততম। ফেলপসের লেগেছে ৫২ দশমিক ১৩ সেকেন্ড, যা এ বছর চতুর্থ দ্রুততম। ফেলপস এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। হয়তো তাঁর কাছে ফেরাটাই ছিল গুরুত্বপূর্ণ। বললেন, ‘আমি আজ রাতে (গতকাল) অনেকটা নিরুদ্বেগ ছিলাম। জানি না, এটি ভালো হালো নাকি খারাপ।’

২৪-২৬ এপ্রিল অ্যারিজোনার মেসা মিটের পর আগস্টে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিযোগিতা। এর পর ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যুক্তরাষ্ট্র সাঁতার দল চূড়ান্ত করা হবে। তবে ফেলপসের মূল লক্ষ্য ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিক।

২০১২ সালের ৪ আগস্ট লন্ডন অলিম্পিকের ৪–১০০ মিটার রিলেতে সোনা জয়ের পর সাঁতারে বিশ্বকে চমকে দিয়েছিলেন ফেলপস। আচমকা অবসরের ঘোষণা দেন।  সর্বকালের অন্যতম সেরা অলিম্পিয়ান, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বেশি সোনা (১৮টি) জয়ের রেকর্ড, সবচেয়ে বেশি পদক (২২টি) জয়ের রেকর্ড, এক অলিম্পিকে আটটি সোনা জয়ের বিস্ময়কর রেকর্ডধারী ফেলপসের মুখে এমন আচমকা অবসরের ঘোষণা ছিল বিরাট চমক। এএফপি।