চমকে গেল কেনিয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমকে দিতে চেয়েছিল কেনিয়া। উল্টো চমকে গেল তারাই। অলআউট হয়ে গেল নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে। তাদের বেঁধে দেওয়া ৭০ রানের লক্ষ্যটাও নিউজিল্যান্ড টপকে গেল মাত্র ৮ ওভারে। রোববারের ছুটির দিনটা উপভোগের তাড়া হয়তো ছিল দুদলেরই! একদমই একপেশে ম্যাচ দিয়ে উদ্বোধন হলো বিশ্বকাপের ভারত-পর্বের।চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট পড়তে ভুল করেছিলেন জিমি কামান্ডে। কেনিয়া অধিনায়ক টস জিতে নিয়েছিলেন ব্যাটিং। অথচ উইকেট ছিল পেসার-বান্ধব। সেটারই ফায়দা তুললেন হামিশ বেনেট, টিম সাউদি ও জ্যাকব ওরাম। চার উইকেট নিয়ে বেনেট তাঁর বিশ্বকাপ অভিষেকে ম্যাচ-সেরা হলেন। তিনটি করে উইকেট ভাগাভাগি করে নিলেন সাউদি ও ওরাম।প্রথম আঘাতটি হেনেছিলেন সাউদি, অ্যালেক্স ওবান্ডাকে ফিরিয়ে দিয়ে। কেনিয়ার রান তখন মাত্র ১৪। এরপর নিজের টানা তিন ওভারে বেনেট ফিরিয়ে দেন সেরেন ওয়াটার্স, কলিন্স ওবুইয়া, স্টিভ টিকোলো আর মরিস ওউমাকে। ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে লজ্জার শঙ্কায় কাঁপছিল কেনিয়া। সেই কাঁপাকাঁপিতেই ২৩.৫ ওভারে অলআউট ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।এই প্রথম বিশ্বকাপে কোনো দলকে এক শর নিচে অলআউট করল নিউজিল্যান্ড। দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিলের ঝোড়ো ব্যাটিং ২৫২ বল বাকি থাকতেই জয় এনে দিল নিউজিল্যান্ডকে। বিশ্বকাপের এটি তৃতীয় দ্রুততম জয়।কেনিয়ার এমন অসহায় আত্মসমর্পণ চমক হয়ে এসেছে খোদ ড্যানিয়েল ভেট্টোরির কাছেও। নিউজিল্যান্ড অধিনায়ক স্বীকার করেছেন, ‘এত সহজে জিতব ভাবিনি। এই জয় আমাদের পরের ম্যাচে কাজে দেবে। ম্যাচটা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে, অনেক বড় একটা ম্যাচ।’ কামান্ডে অবশ্য এই ভেবে সান্ত্বনা পেতে পারেন, ভেট্টোরিও টস জিতলে ব্যাটিংই নিতেন। তবে সিদ্ধান্তটি যে ভুল হতো, ভেট্টোরি পরে সেটি স্বীকারও করেছেন।কামান্ডে অবশ্য টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে কোনো গলদ দেখছেন না। কামান্ডের দাবি, বিশ্বকাপের প্রথম ম্যাচের চাপ নিতে পারেনি দল, ‘তরুণ ক্রিকেটাররা আসলে স্নায়ুচাপে ভুগেছে। আমাদের দুই ওপেনারই তরুণ। ওদের ব্যাটিংয়ে সেই চাপটা দেখা গেছে।’অবশ্য কেনিয়া দ্রুত ঘুরে দাঁড়াবে—এই আশ্বাসও দিয়েছেন কামান্ডে। এ ছাড়া দেওয়ার মতো কাল আর কিছুই অবশিষ্ট ছিল না তাঁর হাতে। সহযোগী দলগুলোকে পরের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার যৌক্তিকতা নিয়ে সবচেয়ে জোরালো প্রশ্ন তুলেছে কেনিয়া। তাদের গলাতেই তো আর কোনো জোর থাকল না! ওয়েবসাইট।