চমকে দিতে চায় বরিশাল ব্লেজার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দল শোয়েব আখতারকে এনেছে, কেউ মাশরাফি বিন মুর্তজাকে ফিরিয়ে এনেছে, কেউ ইমরান নাজিরের নাম ঘোষণা করেছে, আবার কোনো দল দেশি তারকা দিয়ে ভরে ফেলেছে তাঁবু। এনসিএলের সব দলই ছোট-বড় কিছু চমক উপহার দিচ্ছে। কিন্তু বরিশাল ব্লেজার্স?জনা চার-পাঁচেক দেশি তারকা আর কিছু তরুণের সমন্বয়ে গড়া বরিশাল ব্লেজার্সে ‘চমক’টা কোথায়! বরাবরের মতোই সপ্রতিভ উত্তর দিলেন দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস, ‘আমাদের চমক দেখবেন মাঠে।’মালিকানাভিত্তিক দল নিয়ে দেশের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কয়েক ঘণ্টা আগে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই ‘মাঠের চমকের’ কথাই বারবার বলল বরিশাল ব্লেজার্স।সংবাদ সম্মেলনের শুরুতেই দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস, সহ-অধিনায়ক রকিবুল হাসান ও কোচ মিনহাজুল আবেদীনের নাম ঘোষণা করা হলো। এর পর বরিশাল ব্লেজার্সের মালিক ‘বাংলাদেশ স্পোর্টস কনসোর্টিয়ামের’ পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, তাদের এই দল গঠনের উদ্দেশ্য।খেলোয়াড় নিলাম শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে কয়েকজন ব্যবসায়ী মিলে কিনেছেন বরিশাল ব্লেজার্স দলটা। সেই ব্যবসায়ীরা মিলে তৈরি করেছেন ‘বাংলাদেশ স্পোর্টস কনসোর্টিয়াম’ নামের সংগঠনটিও। এ সংগঠনের পরিচালকদের একজন শেখ বশির আহমেদ বললেন, শুধু এই এনসিএলেই আটকে থাকবে না তাদের কার্যক্রম, ‘আমরা ক্রিকেটকে ভালোবেসে দলটি কিনেছি। দলটি যত না আমাদের, তার চেয়ে বেশি বরিশালের মানুষের। আমরা এই টুর্নামেন্টের পর বরিশালে ক্রিকেট টুর্নামেন্ট করব, ক্রিকেটভিত্তিক নানা কার্যক্রম চালাব।’এ জায়গাটায় বাকি সব দলের চেয়ে বরিশাল ব্লেজার্সকে এগিয়ে রাখতে ইচ্ছা হবে আপনার। দলের কর্মকর্তারা ও কোচ-অধিনায়ক বরিশালবাসীকে দলের পাশে থাকার উদাত্ত আহ্বান জানালেন। শাহরিয়ার নাফীস বললেন, ‘আমি নিজে বরিশাল বিভাগের ছেলে। এই দলে খেলাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আশা করি, বরিশালের প্রত্যেকটি মানুষ আমাদের পাশে থাকবে, যারা ঢাকায় আছে, তারা মাঠে এসে আমাদের সমর্থন জোগাবে।’মামুন জানান, এরই মধ্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। এবং কথা দিয়েছেন, মাঠে এসে দলের খেলা দেখবেন। কিন্তু ব্লেজার্স কি বরিশালের লোকজনকে সফল একটা টুর্নামেন্ট উপহার দিতে পারবে?শাহরিয়ার নাফীস তাদের সমর্থকদের এখনই শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন না। তবে দলের ওপর ভরসা আছে তাঁর, ‘টি-টোয়েন্টিতেও আগে থেকে কিছু বলা যায় না। অস্ট্রেলিয়ার মতো দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে না। তাই আমরা আগেই শিরোপার স্বপ্ন দেখাচ্ছি না। এখন আমাদের লক্ষ্য সেমিফাইনাল। আমার এই দলের ওপর সেই ভরসা আছে।’দলের ওপর কেন ভরসা করছেন, তার ব্যাখ্যা করলেন শাহরিয়ার, ‘আমাদের এই দলে তথাকথিত সুপারস্টার নেই। তবে খেয়াল করলে দেখবেন, এই দলের প্রত্যেকটি খেলোয়াড়ের ব্যক্তিগতভাবে কিছু প্রমাণ করার আছে। কাউকে নিজেকে জাতীয় দলের জন্য যোগ্য প্রমাণ করতে হবে, কাউকে নিজেকে একাডেমি বা ‘এ’ দলের যোগ্য বলে প্রমাণ করতে হবে। সবার এই ব্যক্তিগত প্রয়োজনটাই আমাদের দলের সবচেয়ে বড় শক্তি।’কোচ মিনহাজুল আবেদীন মনে করেন, তারকাখচিত দল না হলেও তাঁর দলটি অন্যদের চেয়ে এগিয়ে থাকবে, ‘এ দলটা মূলত তারুণ্যনির্ভর। এসব তরুণ কিছু একটা করে দেখানোর চেষ্টায় থাকবে বলে মনে হয়।’কোচ-অধিনায়কের ভাবনাটা বাস্তবে মিলে গেলে বরিশাল ব্লেজার্স আসলেই হয়তো চমকে দেবে!