চমকের অপেক্ষায় মিলা
আফ্রিকায় বিশ্বকাপ হচ্ছে, রজার মিলা বারবার আলোচনায় না এসে পারেন না। বিশ্ব ফুটবলে আফ্রিকার প্রথম বড় তারকা বলা যায় ক্যামেরুনের এই সাবেক স্ট্রাইকারকে। ফুটবলে অর্জন নিতান্ত কম নয় তাঁর ক্যারিয়ারে। তার পরও মিলার প্রসঙ্গ এলেই সবার আগে মনে পড়ে তাঁর গোল উদ্যাপনের দৃশ্য।যে উদ্যাপনে ১৯৯০ বিশ্বকাপে চমকে গিয়েছিল বুলগেরিয়া, কলম্বিয়া। সেবার বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনাকে হারানো ক্যামরুন আফ্রিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে চমকে দিয়েছিল বিশ্বকে। সেবারের বিশ্বকাপে চার গোল করে দুনিয়া মাতানো মিলা এবার নিজেই একটা চমকের জন্য অপেক্ষা করছেন—আফ্রিকান চমক।সবচেয়ে বেশি বয়সে (৪২) বিশ্বকাপে গোল করার রেকর্ডের মালিক মিলা আশা করছেন, এবার আফ্রিকান বিশ্বকাপে ফেবারিটদের চমকে দেবেই আফ্রিকানরা, ‘আমি বিশ্বাস করি, এই বিশ্বকাপটা অনেক, অনেক চমক নিয়ে আসছে। আফ্রিকার মাটিতে যেকোনো কিছু ঘটতে পারে। আইভরিকোস্ট, ক্যামেরুন, ঘানা খুবই ভালো করবে। আমি অনুমান করতে পারি, বড় দলগুলোর জন্য বড় চমক অপেক্ষা করছে।’চমক দেখানোর জন্য বাজির ঘোড়াও বেছে রেখেছেন মিলা। দিদিয়ের দ্রগবা, মাইকেল এসিয়েন আর তাঁর স্বদেশি স্যামুয়েল ইতো বিশ্বকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন বলে মনে করছেন ১৯৮২, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে খেলা মিলা।আফ্রিকানদের ভেতর দ্রগবাদের এগিয়ে রাখলেও মিলা অপেক্ষায় আছেন ‘বিশ্বসেরা’ লিওনেল মেসির জাদু দেখার জন্য। মেসির খেলা তাঁকে ম্যারাডোনার কথা মনে করিয়ে দেয়, ‘আমি মেসির খেলা পছন্দ করি। ক্রিস্টিয়ানো রোনালদো ভালো, খুব ভালো। কিন্তু মেসি আমাকে ডিয়েগোর (ম্যারাডোনা) কথা মনে করিয়ে দেয়। ও আসলেই বিশেষ কিছু।’কিন্তু দল হিসেবে যখন ‘ফেবারিট’ তালিকা করতে বসছেন, তখন মিলার কাছে দ্রগবা-রোনালদো-মেসিদের আর কোনো পাত্তা নেই। বাস্তবে ফিরে এসে বললেন, আফ্রিকান কোনো দলের বিশ্বকাপ জিততে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তাঁর ফেবারিট সেই ব্রাজিলই, ‘টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিট ঠিক করাটা খুবই কঠিন। যদি নিতান্তই একটা দলকে বেছে নিতে হয়, তাহলে আমি ব্রাজিলকে বেছে নেব।’সে মিলা মেসি বা ব্রাজিলের জন্য অপেক্ষা করতে থাকুন। কিন্তু ভক্তরা কি মিলার সেই নাচ মিস করে না। মিলা নিজে মিস করেন না?‘গোল করলেই উদ্যাপন করতে ইচ্ছে হয়। আর সেটা বিশ্বকাপে হলে এর চেয়ে ভালো আর কি আছে? এর মাঝে পিটার ক্রাউচের রোবট ড্যান্স দেখলাম। খুবই হাসি লাগছিল। ও আমাকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল...’—মিলার কণ্ঠ যেন স্মৃতিমেদুর। ওয়েবসাইট।