চমকের আশায় জিমি-কৃষ্ণরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা আবদুর রহিম স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতেন। নিজে না পারলেও ছেলেকে বড় খেলোয়াড় বানানোর স্বপ্ন দেখতেন। ফুটবল নয়, হকির স্টিকই বেশি টানত রোমান সরকারকে। স্কুলে বড় ভাইদের হাতে চকচকে নতুন হকিস্টিক দেখেই সিদ্ধান্ত নেন তিনিও হকি খেলবেন। দুই বছর ধরে জাতীয় দলে নিয়মিত খেলছেন রোমান। ছেলের বড় কোনো সাফল্য দেখার আগেই ৫ জানুয়ারি না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন বাবা। তবে বাবার মৃত্যুশোক বুকে নিয়েই প্রশিক্ষণ ক্যাম্পে ফিরেছেন জাতীয় দলের মিডফিল্ডার।
রোমান একটি উদাহরণ। এবারের ক্যাম্পে সবাই-ই যেন একটু বেশি মনোযোগী। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে একটা চমক দেখাতে চান জিমি, চয়ন, কৃষ্ণরা। ১৭-২৫ জানুয়ারি সিঙ্গাপুরে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। বাংলাদেশ মালয়েশিয়া ঘুরে সিঙ্গাপুর যাবে। মালয়েশিয়া-যাত্রা আগামীকাল, সেখানে ১২ ও ১৩ জানুয়ারি খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দল। এরপর ১৪ জানুয়ারি সিঙ্গাপুর পৌঁছানোর কথা বাংলাদেশের। পরদিন ওমানের সঙ্গে নির্ধারিত আছে আরেকটি প্রস্তুতি ম্যাচ।
নতুন সূচি অনুসারে বাংলাদেশের গ্রুপসঙ্গী জাপান, মেক্সিকো ও পোল্যান্ড। র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশের (৩০তম) ওপরে জাপান (১৪তম) ও পোল্যান্ড (১৮তম)। শুধু মেক্সিকোই আছে বাংলাদেশের নিচে, তাদের অবস্থান ৩৫-এ। জাপান, পোল্যান্ডের মতো বড় দলের সঙ্গে জিতে পরের রাউন্ডে যাওয়াটা কঠিন। জাতীয় দলের নতুন অধিনায়ক কৃষ্ণ কুমারও বাস্তবতার জমিনেই পা রাখছেন, ‘নতুন গ্রুপিংয়ে আমাদের জন্য কাজটা একটু কঠিনই হয়ে গেল। তার পরও আমরা পোল্যান্ডের সঙ্গে ড্র করার চেষ্টা করব। চেষ্টা থাকবে জাপানের সঙ্গে ভালো খেলার। আশা করছি, মেক্সিকোকে আমরা হারাতে পারব।’ একই কথা রোমানেরও, ‘আমরা যেকোনো একটি বড় দলকে হারাতে চাই। আশা করি, একটা চমক দেখাব আমরা।’
হকিতে অধিনায়ক আলংকারিক একটা পদ। তার পরও এই দায়িত্ব পেয়ে বাড়তি কিছু করতে চান কৃষ্ণ। সতীর্থরাও তাঁকে বেশ সহযোগিতা করছেন বলে জানালেন রাজশাহীর তরুণ, ‘জিমি ভাইয়েরা আমাকে আলাদা করে টিপস দিয়েছেন, কীভাবে মাঠে সবাইকে সামলাতে হবে। মাঠের বাইরেও আমাকে সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করি, কোনো সমস্যা হবে না।’
নতুন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি ৬ জানুয়ারি মালয়েশিয়া ফিরে গেছেন। তবে যাওয়ার আগে দলটিকে গুছিয়ে নিয়েছেন বলে দাবি কৃষ্ণর, ‘নতুন কোচ আমাদের ফিটনেসের ওপর বেশি জোর দিয়েছেন। দলের সবার মধ্যে বোঝাপড়াটাও ভালোই হয়েছে। দলটা তিনি এক মাসেই গুছিয়ে নিয়েছেন।’ গত এশিয়ান গেমসে বেশির ভাগ ম্যাচে শেষ কোয়ার্টারে গিয়ে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এ জন্যই ফিটনেসের ওপর জোর দিয়েছেন কোচ। এ ছাড়া জাপান ও ওমানের ম্যাচের ভিডিও দেখিয়ে সেটি বিশ্লেষণ করেছেন। প্রত্যেকের খেলার আলাদা আলাদা ভিডিও করে ভুলগুলো শুধরে দিয়েছেন। বাকিটুকু মাঠেই করে দেখানোর পালা জিমিদের।