চমকের নাম ফরহাদ-রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫৭-৩৬=১৫! চমকাবেন না, অঙ্কের হিসাবে এই বিয়োগফল ভুল হলেও ঢাকা লিগের সেরা ব্যাটসম্যানদের তালিকায় একদমই সঠিক! শেষ ম্যাচের আগে ইমরুল কায়েসের চেয়ে অনেকটাই পেছনে ছিলেন রবি বোপারা। কিন্তু কাল শেষ দিনে ১৫৭ করে বোপারা উঠে গেলেন শীর্ষে, ৩৬ রান করে ইংলিশ ব্যাটসম্যানের ১৫ রান পেছনে ইমরুল। শুরুর দিকে বড় ইনিংস খেলতে না পারলেও শেষ দিকে টানা দুর্দান্ত কয়েকটি ইনিংসে মুশফিকুর রহিম উঠে এসেছেন তিনে। ২০০৮ ও ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ওপেনার সৈকত আলী পুরো লিগেই ছিলেন ধারাবাহিক। হ্যামিল্টন মাসাকদাজাও তা-ই। সেরা পাঁচে দুজন বিদেশি, তবে তালিকায় পরের নয়টি নামই বাংলাদেশের। তাঁদের মধ্যে রকিবুল হাসান (৫৫১), জুনায়েদ সিদ্দিকের (৪৯৯) মতো জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকারা যেমন আছেন, আছেন তাইবুর রহমান (৫১৯), মোসাদ্দেক হোসেন (৪৩৫), মেহেদি মারুফের (৪১৭) মতো তরুণেরা। আবার পথ হারানোদের প্রেরণা হতে পারেন নাফিস ইকবাল (৪৩০)।
মূল চমকটা অবশ্য বোলিংয়ে। সেরা পাঁচে প্রত্যাশিতভাবে তিনজনই বাঁহাতি স্পিনার। কিন্তু সেখানে দুজন পেসারও থাকবেন, লিগ শুরুর আগে কেই-বা ভাবতে পেরেছিল! ফরহাদ রেজা তো আরাফাত সানির সঙ্গে শীর্ষ উইকেটশিকারিই হয়েছেন যুগ্মভাবে। উইকেটসংখ্যায় রুবেল হোসেন চারে থাকলেও যেমন বোলিং করেছেন, তাতে লিগের সেরা বোলার বলা যায় তাঁকেই। বোলিংয়ের ছয়েও আছেন আরেক পেসার, আল আমিন হোসেন (২০)। আর ওয়ানডেতে অপাঙেক্তয় এনামুল হক জুনিয়র জানিয়ে রাখলেন ফেরার দাবি।