চমকের নাম ফেনী সকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় মঞ্চে এই প্রথম আলো ছড়াল ফেনী সকার। স্বাধীনতা কাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার মতোই আনন্দ করল কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে, প্রথম আলো
বড় মঞ্চে এই প্রথম আলো ছড়াল ফেনী সকার। স্বাধীনতা কাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার মতোই আনন্দ করল কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে, প্রথম আলো

শেষ বাঁশি বাজতেই ডাগআউট থেকে দৌড়ে মাঠে ঢুকলেন অতিরিক্ত ফুটবলার-কর্মকর্তারা। মাঠেই কয়েকজন আনন্দে লুটিয়ে পড়লেন। ক্লাব কর্মকর্তা তাবিথ আউয়ালকে শূন্যে তুলে কয়েকজন নাচাতে শুরু করে দিলেন। হঠাৎ স্টেডিয়ামে ঢুকে পড়া কোনো দর্শক ভেবে বসতে পারেন, চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করছে না তো ফেনী সকার!

 চ্যাম্পিয়ন হয়নি। তবে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে উঠে যাওয়া তো চ্যাম্পিয়ন হওয়ার মতোই আনন্দের!  জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে ফেনীর সকার। ২০০৮-০৯ মৌসুমে প্রথম পেশাদার লিগে খেলে যে দলটি হয়েছিল চতুর্থ। এরপর আর সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। এবারের পেশাদার লিগে প্রথম পর্বে সকার জয়শূন্য। লিগের তলানিতে থাকা সেই দল কিনা এবারের স্বাধীনতা কাপে খেলছে দুর্দান্ত। প্রথমবারের মতো ইতিহাস গড়ে উঠল বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে। এখন চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে দাঁড়িয়ে।

সকারকে বদলে দেওয়ার মূল কারিগর তিন নবাগত গাম্বিয়ান ল্যান্ডিং দারোবি, কাব্বা জোবে ও মেথু মেন্ডি। কাল ম্যাচের ৮১ মিনিটে কাব্বার ক্রস থেকে হেডে প্রথম দলকে এগিয়ে নেন মেন্ডি। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ। ব্রাদার্সের গোলরক্ষক রঘুর হাত ফসকে বেরিয়ে যাওয়া বল দ্বিতীয় চেষ্টায় জালে পাঠান আবদুল্লাহ আল মামুন।

দুই তরুণ তুর্কি রুবেল মিয়া ও জুয়েল রানার ওপর ভরসা করে সেমিফাইনালে এসেছিল ব্রাদার্স। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে কাল রুবেল খেলেননি। সুযোগটা ভালোই নিয়েছে ফেনী সকার। একা জুয়েল রানা সঙ্গী পেলেন না। নিজেও সেভাবে জ্বল উঠতে পারেননি। অবস্থা বুঝে ব্রাদার্স কোচ নঈমুদ্দিন রক্ষণাত্মক কৌশলই নিয়েছিলেন, সেটিও এল না কাজে।

 প্রথম ২৫ মিনিটই যা একটু খেলেছে ব্রাদার্স। বাকিটা সময় বলতে গেলে সকারেরই আধিপত্য। ৩৫ মিনিটে এগিয়ে যেতে পারত সকার। ল্যান্ডিংয়ের শট গোললাইন থেকে বাঁচান ব্রাদার্সের ডিফেন্ডার ইউসুফ।

গ্রুপ পর্বে বিজেএমসি এবং কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে হারিয়েছে সকার। শেষ চারে ব্রাদার্সকে হারানোর পর এবার শিরোপায় চোখ কোচ ওমর সিসের, ‘ব্রাদার্স খুব কঠিন প্রতিপক্ষ। ওদের হারানো সহজ ছিল না। দুর্দান্ত খেলেছে ছেলেরা। এখন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেরাটা দিয়ে চেষ্টা করব।’ ব্রাদার্স কোচ নঈমুদ্দিন কোনো অজুহাতই খুঁজলেন না, ‘কী বলব, এই ম্যাচে সবাই খারাপ খেলেছে।’ 

দলের হার মানতে পারেননি ব্রাদার্স সমর্থকেরা। সেই ক্ষোভ তাঁরা মেটান বাফুফের কর্মী আসাদুজ্জামান রনিকে লাঞ্ছিত করে!