চরম নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচের তিনটিতেই গোল হয়েছে মাত্র একটি করে, বাকিটিতে তিনটি। তবে গত পরশু বিশ্বকাপের ত্রয়োদশ দিনটি বুঝিয়ে দিয়েছে ফুটবল কতটা নাটকীয়ই না হতে পারে!যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচটির কথাই ধরুন। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট যখন শেষ হলো, যুক্তরাষ্ট্র তখন টুর্নামেন্টের বাইরে ছিটকে গেছে প্রায়। আগের দু ম্যাচেও ড্র করা যুক্তরাষ্ট্র ড্র করতে বসেছিল গ্রুপের সবচেয়ে দুর্বল দল আলজেরিয়ার বিপক্ষেও। প্রিটোরিয়ায় ম্যাচের যখন এই অবস্থা, পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের কাছে ০-১-এ পিছিয়ে থেকেও একটু হয়তো স্বস্তিতে ছিল স্লোভেনিয়া। যুক্তরাষ্ট্র ড্র করলে ইংল্যান্ডের কাছে হেরেও শেষ ষোলোতে উঠত স্লোভেনিয়া। কিন্তু ইনজুরি সময়ের প্রথম মিনিটে ল্যান্ডন ডনোভানের গোল এক ঝটকায় ওলটপালট করে দিল পুরো গ্রুপের হিসাব-নিকাশটাই। মিনিট দুয়েক পরই টুর্নামেন্ট শেষ হয়ে যেত যে দলের, সেই যুক্তরাষ্ট্রই হয়ে গেল গ্রুপ চ্যাম্পিয়ন। আর স্বপ্নভঙ্গ হলো মাত্র ২০ লাখ মানুষের দেশ স্লোভেনিয়ার। তবে দায় কিছুটা নিতে পারে তারাও। ইংল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেই আর অন্যদের ওপর নির্ভর করতে হতো না স্লোভেনিয়াকে। সেই সম্ভাবনা তারা জাগিয়েছিলও, ইংল্যান্ডের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে উঠেছে বেশ কবারই। গোলের সুযোগও সৃষ্টি করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। যুক্তরাষ্ট্রের আকস্মিক জয়ে নিজেদের জয়টাও হয়তো একটু বিস্বাদ লাগছিল ইংলিশদের। গ্রুপ রানার্সআপ হওয়ায় দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ তখন যে জার্মানি!রাতে জার্মানি নিশ্চিত করেছে সম্ভাব্য নয়, সত্যি সত্যিই ইংল্যান্ডের বিপক্ষে নামছে তারা। তবে তার আগে নাটকও কম হয়নি। ‘ডি’ গ্রুপের দু ম্যাচ শেষে দুটি ভেন্যুতেই দেখা গেল একই রকম দৃশ্য। জোহানেসবার্গে জয়ী জার্মানির সঙ্গে পাল্লা দিয়ে উল্লাস করেছে হেরে যাওয়া ঘানা। আর নেলসপ্রুইটে হেরে যাওয়া সার্বিয়ার চেয়ে কম হতাশ নয় জয়ী অস্ট্রেলিয়াও! ঘানার সঙ্গে জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হতো জার্মানির, সেটা তারা করেছেও। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর একটি গোল করতে পারলে উঠে যেত সার্বিয়াও। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি ড্র হতো, আর পয়েন্ট হতো ঘানার সমান। গোল-ব্যবধানও হতো সমান, কিন্তু সার্বিয়া এগিয়ে থাকত গোল বেশি করায়। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর একটি গোল ফিরিয়ে দিয়ে শেষ কয়েকটি মিনিট প্রচণ্ড উত্তেজনা জাগিয়েছিল সার্বরা, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি।