চরম শত্রু যখন পরম বন্ধু!
ব্যাপারটি নিয়ে সবারই অন্য রকম একটি আগ্রহ ছিল। বছর কয়েক আগে একটি টেস্ট ম্যাচে নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় সৃষ্টি করেছিল বর্ণবাদী বিতর্ক। সেই অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিং যখন আইপিএলে একই দল মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন, তাঁদের নিয়ে আলাদা আগ্রহ ও কৌতূহল তো থাকবেই।এদিকে খবরে প্রকাশ, একই দলে খেলে সাইমন্ডস ও হরভজন নাকি বন্ধু হয়ে গেছেন। শুধু তা-ই নয়, বন্ধু হয়ে হরভজন সাইমন্ডসকে ‘অসাধারণ ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেছেন। আরেকটি ব্যাপার, দুই ‘শত্রু’র হঠাত্ বন্ধু হয়ে যাওয়ার পেছনে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুম্বাই দলপতি গ্রেট শচীন টেন্ডুলকার।২০০৮ সালে সিডনি টেস্টে সাইমন্ডস ও হরভজন ‘মাঙ্কিগেইট’ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। অস্ট্রেলিয়ার বিখ্যাত সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’ এক প্রতিবেদনে এ দুই খেলোয়াড়ের শত্রুতা মিটে যাওয়ায় ধন্যবাদ জানিয়েছে আইপিএলকে। পত্রিকাটি লিখেছে, ‘আইপিএলের কারণে অনেক শত্রুই বন্ধু হয়ে যাচ্ছে। আইপিএল খেলোয়াড়দের মধ্যে এক অদ্ভুত বন্ধন সৃষ্টি করেছে।’ পত্রিকাটি মুম্বাই ইন্ডিয়ানস দলের ভেতরকার পরিবেশেরও প্রশংসা করেছে।হরভজন সিংকে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন ভারতীয় সাংবাদিকেরা। হরভজন সোজাসুজিই বলেছেন, সাইমন্ডসের সঙ্গে তাঁর নাকি কখনোই কোনো শত্রুতা ছিল না। এগুলো সংবাদপত্রের বানানো গাল-গল্প। হরভজন অবশ্য সিডনি টেস্টের সেই ঘটনাটি অস্বীকার করেননি। তিনি বলেছেন, ‘খেলায় এসব হয়েই থাকে। খেলা শেষেই আমরা দুজন আবার বন্ধু হয়ে গেছি।’ হরভজন সিং স্বীকার করেছেন, শচীন টেন্ডুলকার অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তাঁকে জড়িয়ে যে বিতর্ক চলছিল, সেটার সমাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।‘কেবল সাইমন্ডসের ব্যাপারটিই নয়, অনেক ব্যাপারেই শচীন আমাকে সহায়তা করে। আমার অনেক সমস্যা সমাধানেও সে খুবই অগ্রণী। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই।’ টিএনএন।