চরিত্রে সেই দক্ষিণ আফ্রিকানই

সর্বশেষ যখন বাংলাদেশে এসেছিলেন, নিল ওয়াগনার ছিলেন দক্ষিণ আফ্রিকান। এসেছিলেন দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের হয়ে। ২০০৮ সালের এপ্রিল, দক্ষিণ আফ্রিকার কোনো দলের হয়ে মাঠে নেমেছিলেন সেই শেষবার। সাড়ে পাঁচ বছর পর সেই বাংলাদেশে এসেই পেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা নয়, নিউজিল্যান্ডের হয়ে। প্রোটিয়া নন, ওয়াগনার এখন কিউই।
পরিচয় বদলে ফেলার প্রসঙ্গটা অবধারিতভাবেই উঠল। প্রশ্নটা ওয়াগনারের খুব একটা পছন্দ হলো বলে মনে হলো না। সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছন ফিরে খানিকটা ঝাঁজালো কণ্ঠে বললেন, ‘ওসব আমাকে ভাবায় না। কোনো অর্থ বহন করে না আমার কাছে।’
কণ্ঠে এই ক্ষোভের ছোঁয়া, এই তীব্রতার উৎস খুঁজতে হলে ফিরতে হবে সেই পাঁচ বছর পেছনে, ক্যারিয়ারের স্বার্থে যখন ছাড়তে বাধ্য হয়েছিলেন মাতৃভূমি। আপন করে নিতে হয়েছিল পরদেশকে।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম। বেড়ে ওঠা, বয়সভিত্তিক ক্রিকেট খেলা, প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ওখানেই। একাডেমি দলের হয়ে বাংলাদেশে আসার কথা তো বলাই হলো। এমনকি সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দুটি টেস্টে দ্বাদশ ব্যক্তিও ছিলেন। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ছিল দারুণ, ২০০৬-০৭ মৌসুমে প্রভিন্সিয়াল চ্যালেঞ্জে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। কিন্তু জাতীয় দলের আশপাশেও ঘেঁষতে পারছিলেন না কোটা প্রথার কারণে। হতাশ ওয়াগনার দেশপ্রেমের আবেগটাকে এক পাশে রেখে নিজেকে দেখলেন বাস্তবের আয়নায়। বুঝলেন, দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সম্ভাবনা অনিশ্চয়তায় ভরা। ২০০৮ সালে একাডেমি দলের হয়ে ওই বাংলাদেশ সফরের পরই তাই আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন এঁকে পাড়ি জমালেন নিউজিল্যান্ডে। পথটা বন্ধুর ছিল ওখানেও, ২২ বছর বয়সে অমন একটা চ্যালেঞ্জ নেওয়া সহজ ছিল না। তবে এটুকু জানতেন, এই সুড়ঙ্গটার শেষে অপেক্ষা করছে আলোর রেখা। পারফর্ম করলে অন্তত সুযোগ মিলবে একদিন।
নিউজিল্যান্ডে গিয়ে ওটাগোর হয়ে পারফর্ম করেছেন নিয়মিতই। ২০১১ সালে ওয়েলিংটনের বিপক্ষে টানা চার বলে উইকেটসহ এক ওভারে নিয়েছিলেন ৫ উইকেট, প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসেই যা অনন্য এক কীর্তি। অপেক্ষার প্রহরের তখন পালাবদল—আন্তর্জাতিক ক্রিকেটই যেন অপেক্ষা করছিল ওয়াগনারকে পেতে। ক্রিকেট নিউজিল্যান্ড অপেক্ষা করছিল কবে নিউজিল্যান্ডের হয়ে খেলার আনুষ্ঠানিক যোগ্যতা অর্জন করবেন ওয়াগনার। অপেক্ষার অবসান হয়েছে গত বছর। জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন স্বপ্নের টেস্ট ক্যাপ। প্রথম ৮ টেস্টে ২৪ উইকেট নেওয়ার পর নবম টেস্টে এসে প্রথম স্বাদ পেলেন ৫ উইকেটের।
বাংলাদেশের সেই সফরটি ভালোই মনে আছে ওয়াগনারের। চট্টগ্রাম, খুলনা, যশোরে খেললেও ওই অভিজ্ঞতা নাকি কাজে লেগেছে এবার, ‘ওই সফরটি মনে আছে অবশ্যই। মাঠগুলোর কথা মনে আছে, উইকেট মনে আছে, ক্রিকেটারদের কথাও মনে আছে। এই দলের মুশফিক-নাসিররা ছিল ওই দলে। সেটিই ছিল আমার প্রথম উপমহাদেশ অভিজ্ঞতা। অনেক কিছু শিখেছিলাম।’
এখন নিউজিল্যান্ডের হলেও ধমনিতে যে তাঁর প্রোটিয়া রক্ত, সেটি বোঝা যায় মাঠের ওয়াগনারকে দেখলেই। তাঁর বোলিং, শরীরী ভাষা, উইকেট পাওয়ার পর গর্জন—সবকিছুতেই ফুটে ওঠে দক্ষিণ আফ্রিকান মানসিকতা। বলে গতির ঝড় তুলতে না পারলেও বাউন্সে কাঁপিয়ে দেন ঠিকই। নিজেও জানালেন, এই মানসিকতা তাঁর সহজাত, ‘আমার ধরনটাই এমন, আমি এভাবেই খেলি। এই আক্রমণাত্মক মানসিকতাই মাঠে আমার মূল চালিকাশক্তি।’
বলের সঙ্গে সমান চলে তাঁর মুখও। স্লেজিংয়ের তিরে বিদ্ধ করেছেন প্রায় সবাইকেই, বেশ একচোট কথার লড়াই হয়েছে সোহাগ গাজীর সঙ্গে। কী বলেছিলেন সোহাগকে? ‘ও ছক্কা মারার পর বললাম, পারলে আবার মারো। ও কিন্তু মারতে গিয়েই আউট হয়েছে!’
গত টেস্টে বাদ পড়েছিলেন। মনে জ্বলছিল তাই নিজেকে প্রমাণের আগুন। এই ৫ উইকেটে সেই আগুন কিছুটা নিভেছে। ‘কিছুটা’ই, কারণ মনে যে আগুন নিয়ে দেশ ছেড়েছিলেন, সেটা নেভাতে যে আরও অনেক অনেক উইকেট চাই!