চলছে এশিয়া কাপ হকিতে ব্যর্থতার তদন্ত
এশিয়া কাপ হকির ব্যর্থতার কারণ অনুসন্ধানে প্রয়োজনে তদন্ত কমিটি করা হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। বিকেএসপির কোচ কাউসার আলীকে প্রধান করে গঠন করা হয়েছে এই তদন্ত কমিটি। কমিটির অন্য দুই সদস্য—সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম (কামাল) ও মামুনুর রশীদ।
এশিয়া কাপে ব্যর্থতার কারণ জানার জন্য এরই মধ্যে কমিটি অধিনায়ক মামুনুর রহমান (চয়ন), জাহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মশিউর রহমান (বিপ্লব), ইমরান হোসেন (পিন্টু), ম্যানেজার আবদুর রশীদ ও দলের সঙ্গে যাওয়া সহকারী কোচ মাহবুব হারুনের সঙ্গে কথা বলেছে। কমিটির সদস্যরা কথা বলেছেন এশিয়া কাপ কাভার করতে মালয়েশিয়ায় যাওয়া এক সাংবাদিকের সঙ্গেও। দলের জুনিয়র সদস্য অসীম, সিতুল, রুম্মনদেরও তদন্ত কমিটি তলব করবে বলে জানা গেছে।
তদন্ত কমিটির প্রধান কাউসার আলী কাল বললেন, ‘এটা আসলে জেরা জাতীয় কিছু না। হকির উন্নতির জন্য সবার সহযোগিতা দরকার। সবাইকে এটা ইতিবাচকভাবেই দেখতে বলেছি। সবার কাছে জানতে চেয়েছি, কোথায় কী সমস্যা ছিল। সবার সহযোগিতা চেয়েছি, এর বেশি কিছু না।’
তদন্ত কমিটি কাজ শুরু করার আগেই প্রধান কোচ নাভিদ আলমের সঙ্গে কথা বলেন কাউসার আলী। এক মাসের ছুটিতে নাভিদ বর্তমানে পাকিস্তানে। যাওয়ার আগে নাভিদ তাঁর মতামত জানিয়ে গেছেন কমিটির কাছে। এবার অন্যদের সঙ্গে কথা বলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর কাছে। আরও সপ্তাহ খানেক পর পাওয়া যেতে পারে চূড়ান্ত প্রতিবেদন।
কেউ দোষী হলে তদন্ত কমিটি কি কোনো শাস্তির সুপারিশ করবে? কাউসার আলীর কথা, ‘দল খারাপ করায় চারদিকে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। এটা বাংলাদেশের হকির জন্য ক্ষতিকর। পরের টুর্নামেন্টে যাতে এসবের কোনো প্রভাব না পড়ে, সেটারই পরামর্শ থাকতে পারে এই প্রতিবেদনের সারাংশে।’