চলছে বিকেএসপির আধিপত্য
জাতীয় বয়সভিত্তিক সাঁতারের দুই বিভাগেই চলছে বিকেএসপির আরিফুল ইসলাম ও বগুড়ার মরিয়ম খাতুনের দাপট। পাহাড়ি কন্যা ড থৈ প্রু মারমাও এগোচ্ছে সমানতালে। ১৫-১৭ বছরের বিভাগে বিকেএসপির সাঁতারু ড থৈ কাল জিতেছে ৩ সোনা, ১টি করে রুপা ও ব্রোঞ্জ। দুই দিনে বান্দরবানের মেয়ের সংগ্রহ ৭টি সোনা এবং রুপা ও ব্রোঞ্জ ১টি করে।
১৮-২০ বছরের গ্রুপে আরিফুল কাল সোনা জিতেছেন ৫টি। কিশোরগঞ্জের তরুণ রেকর্ড গড়েছেন ১০০ মিটার ফ্রি স্টাইলে ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। মেয়েদের ১৮-২০ বছরের গ্রুপে মরিয়ম কাল জিতেছেন আরও ৪টি ইভেন্টে। তাঁর সোনার সংখ্যা ৮টি। কাল দ্বিতীয় দিনে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ২০০ মিটার ব্যাকস্ট্রোক ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে গড়েছেন রেকর্ড।
এ ছাড়া ১৩-১৪ বছর বয়সের ছেলেদের বিভাগে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছে বিকেএসপির মিঠু মিয়া (২০০ মিটার ব্যাকস্ট্রোকে)। এই বিভাগেই মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে বিকেএসপির সুরাইয়া আক্তার চুমকি রেকর্ড গড়েছে।
দ্বিতীয় দিন শেষে ৪৮টি সোনা নিয়ে সবার ওপরে বিকেএসপি। দ্বিতীয় স্থানে থাকা আনসার অনেক পেছনে (১২টি সোনা)। বয়সভিত্তিক সাঁতারের শেষ দিন আজ।