চলছে ভেলকি এনামুলের
আগের দিন বল হাতে নিয়েছিলেন ৮ উইকেট, তালহা জুবায়ের কাল ব্যাট হাতেও দলকে বাঁচিয়েছেন। ১৭০ রানে ৮ উইকেট হারানো ঢাকা মহানগর তাঁর ৩৪ ও আরাফাত সানির ৪২ রানেই শেষ পর্যন্ত করেছে ২৫৩। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬৮ রান করে ৪৪ রানে এগিয়ে আছে রংপুর। বিকেএসপিতে সিলেটের প্রথম ইনিংসের চেয়ে ১১৬ রানে এগিয়ে গেছে রাজশাহী (৩৩৪/৮)। সাব্বির রহমান খেলেছেন ক্যারিয়ার-সেরা ইনিংস (১৩৬)। মাইশুকুরের (৫৮) সঙ্গে তৃতীয় উইকেটে ১৭৭ রান করেছেন সাব্বির। সিলেটের এনামুল জুনিয়র ৬ উইকেট নিয়েছেন ১০৩ রান খরচায়। এই মৌসুমে এ নিয়ে ছয়বার ইনিংসে ৫ উইকেট পেলেন বাঁহাতি স্পিনার।রাজশাহীতে ঢাকা বিভাগের বিপক্ষে ৫৯ রানে এগিয়ে গেছে খুলনা। প্রথম ইনিংসে ১৭১ রানে অলআউট দলটি দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে করেছে ১১৭। এর ৮৫ রানই জাতীয় দলের বাইরে থাকা ওপেনার ইমরুল কায়েসের। এর আগে ঢাকা বিভাগ প্রথম ইনিংসে অলআউট হয় ২২৯ রানে। ১৪৮ রানেই ৮ উইকেট পড়ে গিয়েছিল ঢাকার। শেষ তিন ব্যাটসম্যান শরীফ (৪২*), অপু (১৭) ও শাহাদাতই (১৯) দলকে ২০০ পার করিয়েছেন। সিলেটে বরিশালের বিপক্ষে ৪ উইকেটে ১৯৬ নিয়ে দিন শেষ করেছে চট্টগ্রাম। এর আগে বরিশালের প্রথম ইনিংস শেষ হয় ২০৪ রানে। ২ রানের জন্য প্রথম সেঞ্চুরি পাননি দলটির সালমান হোসেন।