চলে গেল পল
শত বছরের জীবনযাপন করেও কোটি কোটি মানুষের কপালে এমন খ্যাতি জোটে না। মাত্র দুই বছরের আয়ুষ্কালে ‘তিনি’ এই গ্রহের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছিলেন। দুনিয়ায় লাখ লাখ ভক্ত তৈরি হয়ে গিয়েছিল। একের পর এক সাফল্যে মুগ্ধ করে রেখেছিলেন সবাইকে। অপেক্ষা ছিল আরও মুগ্ধতার।কিন্তু হায়! প্রকৃতির নিয়ম কে অগ্রাহ্য করতে পারে। শেষ পর্যন্ত ইহজগৎ ছেড়ে চলেই যেতে হলো। চলে গেলেন বিশ্বকাপের মহাতারকা—পল দি অক্টোপাস।হ্যাঁ, চমকে ওঠার মতো এই খবরটাই কাল জানাল জার্মানির সি লাইফ সেন্টার অ্যাকুরিয়াম। কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হলো, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় মহাতারকা হয়ে ওঠা ‘গুনিন’ অক্টোপাস দ্য পল পরশু গভীর রাতে ঘুমের মধ্যেই বয়সজনিত কারণে মারা গেছে।এই পৃথিবীর কোটি কোটি অক্টোপাসের সঙ্গে শারীরিক গড়ন বা অভ্যাসে কোনো পার্থক্য ছিল না পলের। পার্থক্যটা গড়ে দিয়েছিল তার বিরল এক ‘ক্ষমতা’। ইংল্যান্ডে জন্ম নেওয়া ও জার্মানিতে বেড়ে ওঠা পলের এই ক্ষমতার প্রকাশ পায় ২০০৮ ইউরো চলাকালে।অস্ট্রিয়া-সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জার্মানির ছয়টি ম্যাচ নিয়েই ভবিষ্যদ্বাণী করেছিল পল। ফাইনালসহ দুটিমাত্র ম্যাচে ভুল প্রমাণিত হয়েছিল সে। বাকি চারটিতেই পলের আগে থেকে বলে দেওয়া ফলাফল সত্যি হয়ে যায়।ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে পলের একটা নিজস্ব ভঙ্গি ছিল। ম্যাচে যুযুধান দুই দেশের পতাকা রাখা হতো দুটি বাক্সে, দুটি বাক্সেই থাকত খাবার; পল যে বাক্সে খাবারের সন্ধানে হানা দিত, সেই দলকে জয়ী ধরা হতো। ইউরোতে পলের ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা কিঞ্চিৎ দুর্বল থাকলেও গত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হয়ে ওঠে সে শতভাগ নির্ভুল। জার্মানির সাতটি ম্যাচ এবং বিশেষ অনুরোধে স্পেন-হল্যান্ড ফাইনালের ভবিষ্যদ্বাণী করেছিল সে। বলা বাহুল্য, ফাইনালে পলের বাজি ছিল স্পেনের পক্ষে। পল যে শুধু পালক দেশ জার্মানির পক্ষেই কথা বলে গেছে তা নয়; সার্বিয়া ও স্পেনের বিপক্ষে নিজের দেশের পরাজয়ের ভবিষ্যদ্বাণীও করেছে সে।একে কী করে অবিশ্বাস করবেন? শেষ দিকে পলের প্রতিটি ভবিষ্যদ্বাণী-প্রক্রিয়া দুনিয়ার নামকরা সব টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে। আর এতকিছুর ভেতর দিয়ে ইনিয়েস্তা, জাভি, মেসি, রোনালদোকে ছাপিয়ে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত তারকা হয়ে উঠেছিল পল। বিশ্বকাপের পর স্পেনে শুরু হয় পল-বন্দনা, আর জার্মানিতে নিন্দা। পলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের প্রধানমন্ত্রী পর্যন্ত কথা বলেছেন। বিশেষ উপঢৌকন নিয়ে পলের সঙ্গে দেখা করেছেন দেশটির এক মন্ত্রী। বারবার স্পেনে বেড়াতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে তাকে।কিন্তু পলের হাতে যে আর সময় ছিল না! বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া পলকে বিশ্বকাপের পরই অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে পল চিরতরে এই গণনার দুনিয়া ছেড়েই চলে গেল। পল-ভক্তরা শোক করবেন না। এক পল লোকান্তরে, আরেক পল জার্মানির ঘরে। হ্যাঁ, সি লাইফ অ্যাকুরিয়ামে এখন নাকি বড় হয়ে উঠছে ‘পল’ নামেরই আরেক অক্টোপাস। অপেক্ষা করুন, এই পল কী জাদু দেখায়! এএফপি।