চলে গেলেও ‘খুব খুব খুব ভালোভাবে’ বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেন স্টিভ রোডস
২০১৯ বিশ্বকাপের পরই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের তখনকার প্রধান কোচ স্টিভ রোডসকে। আড়াই বছর পর আবারও বাংলাদেশে ভিন্ন ভূমিকায় ফিরলেন তিনি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরামর্শক হিসেবে এসেছেন রোডস। আজ ‘চেনা’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোডস বললেন, এই আড়াই বছরে বাংলাদেশের ক্রিকেটের সবকিছু তিনি অনুসরণ করেছেন ‘খুব খুব খুব ভালোভাবে’।
চন্ডিকা হাথুরুসিংহে যাওয়ার পর ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব উস্টারশায়ারের সাবেক এই কোচ। বাংলাদেশের হয়ে শুরুটা তেমন ভালো না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতিয়েছিলেন তিনি, তাঁর অধীন বাংলাদেশ খেলেছে এশিয়া কাপ ফাইনালও। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জেতে বাংলাদেশ। তবে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারালেও বাংলাদেশ ১০ দলের মধ্যে হয়েছিল অষ্টম। সে পারফরম্যান্সের পরই তাঁকে বিদায় করে দেয় বিসিবি।
আজ কুমিল্লার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, বলবেন না বলবেন না করেও রোডস অবশ্য সে পারফরম্যান্সে ফিরে তাকিয়ে বললেন, বাংলাদেশ আদতে খুব বাজে করেনি সে আসরে, ‘আমি আসলে বিসিবি বা এসব নিয়ে কথা তুলতে চাই না। এটা ঠিক হবে না, এসব এখন অতীত। যেটা বলতে পারি—বিশ্বকাপে ফিরে তাকালে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ছাড়া কিন্তু আমরা খুবই ভালো খেলেছিলাম। এমনকি হারা ম্যাচেও। ইংল্যান্ড, ভারতের বিপক্ষে ভালো শো দেখিয়েছি। আমরা দারুণ জয়ও পেয়েছি, নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলাম। ফলে জানেন কী, লোকে যত বাজে ভাবে, বিশ্বকাপ অতটা বাজে ছিল না।’
তবে এরপর চাকরি চলে গেলেও রোডস বাংলাদেশকে ভোলেননি, তাঁর কথাতেই সেটা ফুটে উঠল স্পষ্টভাবে, ‘লোকে চাকরি থেকে চলে যায়, লোকের মতের মিল হয় না। এসবে ঢুকতে চাই না। শুধু বলতে চাই, বাংলাদেশের জনগণের মধ্যে ফিরতে পেরে কতটা খুশি আমি। তারা খুবই দারুণ। বাংলাদেশে যেখানেই যাই না কেন, মানুষ খুবই অতিথিপরায়ণ, বন্ধুবৎসল। এসব দারুণ মানুষের মধ্যে ফিরতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি, যে জায়গাটা আমি খুব উপভোগ করি।’
এ সময়ে বাংলাদেশ ক্রিকেটকে তিনি অনুসরণ করে গেছেন ভালোভাবেই, ‘হয়তো একটু পাগলাটে শোনাবে, তবে আমি খুব খুব খুব ভালোভাবে বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করেছি। আমি এখানকার সময়টা খুবই উপভোগ করেছিলাম, যেমনটা আগামী পাঁচ সপ্তাহ করব, যা কিছুই ঘটেছে, তোমরা (সাংবাদিকেরা) যা প্রতিবেদন করেছ—সবই অনুসরণ করেছি বাংলাদেশ ক্রিকেটের।’
রোডস জানেন বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কথাও, ‘আমি জানি না, এই মুহূর্তে কী ঘটছে (ভেতরে), আমি শুধু তোমাদের রিপোর্ট পড়েছি। জানি যে কোচেরা অনেক পরিশ্রম করছে। অতীতে হয়তো কিছু ফল পক্ষে আসেনি। অসাধারণ কিছু ফলও এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটা দেখুন—দুর্দান্ত। ছেলেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আবার টি-টোয়েন্টিতেও দেশের মাটিতে সিরিজে দারুণ ফল এসেছিল। দেখুন, আমি দায়িত্বে নেই, ফলে মন্তব্য করা উচিত হবে না। হয়তো উত্থান-পতন এসেছে, তবে ভালো ফলও এসেছে।’
কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরিবারের মতো আবহও পছন্দ হয়েছে রোডসের। এমনিতে কুমিল্লার এ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দীর্ঘদিন ধরেই আছেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এবারও প্রধান কোচের পদটি তাঁরই। তবে সালাউদ্দিনের সঙ্গে জাতীয় দলের সাবেক কোচের ভূমিকা কী হবে, সেটা স্পষ্ট করলেন তিনি নিজেই, ‘আমি খুবই খুশি এ প্রশ্নটা শুনে। সালাউদ্দিন খুবই সফল কোচ, শুধু বিপিএলে না, যেভাবে সে ক্রিকেটার তুলে এনেছে। আশা করি, প্রধান কোচ হিসেবে তার সাফল্য অব্যাহত থাকবে। সেই হেড কোচ। আমি এখানে সহায়তা করতে এসেছি, শুধু খেলোয়াড় নয়, কোচদেরও।’
কুমিল্লার সাফল্যে শুধু অবদান রাখতে পারলেই খুশি হবেন রোডস, ‘আশা করি, আমার অভিজ্ঞতা, আমার ক্রিকেট জ্ঞান দিয়ে একটু অবদান রাখতে পারব। সালাউদ্দিনের সঙ্গে আমার বোঝাপড়াও বেশ ভালোই। আশা করি, সে খুবই ভালো কাজ করবে। খেলোয়াড়দের এটা জানা গুরুত্বপূর্ণ যে সালাউদ্দিনই প্রধান কোচ, আমি এখানে শুধু সহায়তা করতে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাদের মাধ্যমে জনগণকেও এ পরিস্থিতি বোঝানো।’