চলে গেলেন অজিত ওয়াদেকার

ভারতে সাবেক ক্রিকেট অধিনায়ক অজিত ওয়াদেকার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকা ৭৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান বুধবার রাতে মারা গেছেন।
বাঁহাতি এই ব্যাটসম্যান স্মরণীয় হয়ে আছেন তাঁর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে। ১৯৭১ সালের ওই সফরে তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। তাঁর অধিনায়কত্বে ভারত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় করে। তাঁর অধিনায়কত্বে সেই ১৯৭১ সালে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
১৯৫৮-৫৯ সালে ওয়াদেকারের প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু। এর ৮ বছর পর ভারতের জাতীয় দলে খেলার সুযোগ মেলে অজিত ওয়াদেকারের। ১৯৬৬ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ওয়াদেকারের।
ভারতের ক্রিকেট ইতিহাসে ৩ নম্বরে খেলা অন্যতম সফল একজন ব্যাটসম্যান ওয়াদেকার। স্লিপের ভালো ফিল্ডার ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন।
মুম্বাইতে জন্মগ্রহণকারী ভারতের সাবেক এই ক্রিকেটার দলের অধিনায়কও ছিলেন। আক্রমণাত্মক এই ব্যাটসম্যান বাঁহাতি মিডিয়াম ও স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার ছিলেন।