চলে গেলেন অ্যারাগোনেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরো ২০০৮-এর শিরোপা হাতে অ্যারাগোনাস। ছবি: রয়টার্স।
ইউরো ২০০৮-এর শিরোপা হাতে অ্যারাগোনাস। ছবি: রয়টার্স।

তাঁর হাত ধরেই শুরু হয়েছিল স্পেনের সোনালি যুগের অগ্রযাত্রা। তাঁর অধীনেই ৪৪ বছর পর ২০০৮ সালে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছিল স্পেন। গতিময় ছন্দময় ফুটবলকেই স্পেনের সাফল্যের ভিত হিসেবে নিয়েছিলেন লুইস অ্যারাগোনেস। ইউরোজয়ী এ কোচ আজ শনিবার চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। শনিবার সকালে মাদ্রিদের একটি ক্লিনিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সী অ্যারাগোনেস।  

কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৭৪ সালে, অ্যাটলেটিকো মাদ্রিদ দিয়ে। এরপর এ পেশায় কাটিয়েছেন ৩৫টি বছর। এ দীর্ঘ সময়ে দায়িত্ব পালন করেছেন বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, মায়োর্কা, বেটিস, এসপানিওল, সেভিয়ার মতো ১০টি ক্লাবে। স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন ২০০৪ সালে। তাঁর অধীনেই ২০০৬-এর জার্মানি বিশ্বকাপ খেলে ‘লা রোজা’রা। ওই বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য না এলেও মূল সাফল্য আসে ২০০৮ ইউরোতে। চ্যাম্পিয়ন হয়ে বহুদিন পর ফের ইউরোপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে স্পেন। এর পর থেকে তো লা রোজাদের জয়যাত্রা চলছেই। একে একে ঘরে এসেছে ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো। বড় মঞ্চে বিজয়গাথা রচনার যে ভিত তৈরি করেছিলেন অ্যারাগোনাস, ফুটবলপ্রেমীরা তা ভুলে কী করে!

কেবল কোচ হিসেবেই নয়, খেলোয়াড়ি জীবনেও পেয়েছিলেন সাফল্যের দেখা। খেলেছিলেন স্পেন জাতীয় দলে। ক্লাব ফুটবল শুরু করেছিলেন গেটাফে, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে। তবে সবচেয়ে বেশি সময় (১৯৬৪-৭৪) কাটিয়েছেন অ্যাটলেটিকোতেই। ক্লাবটির হয়ে খেলেছেন ৩৭০টি ম্যাচ।

অ্যারাগোনাসের মৃত্যুতে শোকাহত গোটা স্প্যানিশ ফুটবল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফএফ) নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘আরইএফএফ দুঃখের সঙ্গে লুইস অ্যারাগোনেসের মৃত্যুর খবর জানাচ্ছে।’ বার্সা তারকা সেস ফ্যাব্রিগাস সামাজিক যোগাযোগ সাইটে জানিয়েছেন, ‘আমার পেশাদার জীবনে যিনি মানুষটি বিরাট প্রভাব ফেলেছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। শান্তিতে থাকুন গুরু। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’ রিয়াল তারকা জাবি আলোনসো টুইট করেছেন, ‘একজন গ্রেট আমাদের ছেড়ে চলে গেলেন। আজ বড় খারাপ দিন।’ ওয়েবসাইট ও রইটার্স।