চলে গেলেন আবদুল গফুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে অনেকটা পেলের মতো ছিলেন। পেলের মতোই খেলতেও চেষ্টা করতেন। পাকিস্তানের সেই নামী ফুটবলার আবদুল গফুর গত শুক্রবার দীর্ঘ রোগভোগের পর ৭১ বছর বয়সে পরপারে চলে গেছেন। পাকিস্তান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ষাটের দশকে খেলেছেন ঢাকা মোহামেডানে। ‘কালা গফুর’ নামেই পরিচিত ছিলেন। সে সময়কার মোহামেডান অধিনায়ক জহিরুল হক স্মৃতিচারণা করছিলেন কাল, ‘গফুর মোহামেডানে খেলেছে পাঁচ বছর। আমার চেয়ে একটু জুনিয়র ছিল। দেখলে মনে হতো পেলের কার্বন কপি। কাট করে ভেতরে ঢোকার ক্ষমতা ছিল অসাধারণ। খেলত মূলত লেফট হাফে। এমন ফুটবলার জীবনে কমই দেখেছি।’আবদুল গফুরের পরিবার জানিয়েছে, গফুরের ইচ্ছে ছিল পেলের সঙ্গে দেখা করার। কিন্তু পেলের কাছে পৌঁছানোর আর্থিক সামর্থ্য তাঁর ছিল না। সেই আক্ষেপ নিয়েই পৃথিবীকে বিদায় জানিয়েছেন।