চলে গেলেন আবদুল মজিদ
গত ২৪ ফেব্রুয়ারি হাতে তুলেছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার। সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে একটা তৃপ্তিই যেন খেলা করে গিয়েছিল সৈয়দ আবদুল মজিদের (কোরান) চোখে-মুখে, ‘জীবদ্দশায় তো অন্তত একটা স্বীকৃতি পেলাম।’ সেই মানুষটি সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন মঙ্গলবার গভীর রাতে। রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। গতকাল বাদ জোহর র্যাঙ্কিন স্ট্রিট (যোগীনগর) জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাঁর মরদেহ। আগামীকাল ওয়ারীর বনগ্রাম লেনে মরহুমের পারিবারিক বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে।১৯৫৭ থেকে ১৯৭৬ পর্যন্ত ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলেছেন। ছিলেন হার্ডহিটিং মিডল-অর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার। উল্লেখযোগ্য দল—মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, ব্রাদার্স, আজাদ বয়েজ, রেঞ্জার্স। পূর্ব পাকিস্তান দলে খেলা আবদুল মজিদ খেলা ছাড়ার পর যুক্ত হয়েছিলেন কোচিংয়েও।