চলে গেলেন আলীর প্রতিদ্বন্দ্বী নর্টন

এক রাতেই বদলে গিয়েছিল কেন নর্টনের জীবন। ১৯৭৩ সালে মার্কিন এই বক্সার ১২ রাউন্ডের কঠিন লড়াইয়ে হারিয়েছিলেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীকে, ভেঙে দিয়েছিলেন আলীর চোয়াল। এই একটা লড়াই-ই অজ্ঞাতকুলশীল নর্টনকে এনে দেয় বিশ্বখ্যাতি। পরে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল হেভিওয়েট শিরোপাজয়ী সেই নর্টন আর নেই। দীর্ঘদিন হূদেরাগে ভুগে পরশু লাস ভেগাসের উপকণ্ঠে ৭০ বছর বয়সে মারা গেছেন। নর্টনের ছেলে সাবেক এনএফএল তারকা কেন নর্টন জুনিয়র পরশু নিশ্চিত করেছেন বাবার মৃত্যুসংবাদ।
১৯৭৩ সালের লড়াইটা ছিল নর্থ আমেরিকান বক্সিং ফেডারেশনের হেভিওয়েট শিরোপার লড়াই। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার নর্টন দ্বিতীয় রাউন্ডেই ভেঙে দেন আলীর চোয়াল। ভাঙা চোয়াল নিয়েই পুরো ১২ রাউন্ড লড়েছিলেন আলী। শেষ পর্যন্ত বিচারকদের দ্বিধাবিভক্ত রায়ে জিতেছিলেন নর্টন, আলীকে যেতে হয়েছিল হাসপাতালে। পরে আরও দুবার হয়েছে আলী-নর্টন লড়াই, প্রথম লড়াইয়ের ছয় মাস পর দ্বিতীয় লড়াইয়ে বিচারকদের বিভক্ত রায়ে প্রতিশোধ নেন আলী। তবে ১৯৭৬ সালে নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে হাজার ত্রিশেক দর্শকের উপস্থিতিতে আলী ১৫ রাউন্ডের দীর্ঘ লড়াইটা একতরফাভাবেই জেতেন।

১৯৭৩ সালে প্রতিশোধ নেওয়ার পরও নর্টনের প্রশস্তি গেয়েছিলেন আলী, ‘আমি যাদের সঙ্গে লড়েছি তাদের মধ্যে সম্ভবত জো ফ্রেজিয়ার ছাড়া অন্য সবার চেয়ে নর্টন ভালো যোদ্ধা।’ মোহাম্মদ আলীর সাবেক বিজনেস ম্যানেজার ও নর্টনের বন্ধু জিন কিলরয়ও নর্টনের জন্য আলীর শ্রদ্ধার কথা জানালেন, ‘ওঁর জন্য আলীর অগাধ শ্রদ্ধা ছিল। ওঁর অদ্ভুত স্টাইলটাই আলীকে ভুগিয়েছে।’
শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী লিওন স্পিঙ্কস খেলতে অস্বীকৃতি জানালে ১৯৭৮ সালে না খেলেই নর্টন জিতে নেন ডব্লুবিসি বিশ্ব হেভিওয়েট শিরোপা। ১৯৭০-এর দশকে বক্সিংয়ের সোনালি সময়ে ঝাঁক বেঁধেই এসেছিলেন আলী, জর্জ ফোরম্যান, জো ফ্রেজিয়ার, লিওন স্পিঙ্কস, জিমি ইয়াং ও নর্টনরা। সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নের স্মৃতিচারণা করেছেন সেই সোনালি প্রজন্মের একজন, দুবারের চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান, ‘তারা আমাদের হ্যান্ডসাম বলত। মোহাম্মদকে বলত সুন্দর। তবে সবচেয়ে সুন্দর ছিল কেন নর্টন।’ এএফপি, ওয়েবসাইট।