চলে গেলেন ইউসুফ জামিল বাবু

কিছুদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিল। ডায়াবেটিসসহ নানা রোগ শরীরে বাসা বেঁধেছিল বহু আগেই। স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারতেন না। ১৫ দিন আগে চিকিৎসার জন্য ভর্তি হন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখান থেকেই গতকাল দুপুরে না ফেরার দেশে চলে যান কুমিল্লার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ইউসুফ জামিল বাবু। ১৯৮৫ সাল থেকে আমৃত্যু ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তাঁর মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন কুমিল্লার ক্রীড়াঙ্গন।
ইউসুফ জামিল বাবু জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের (ফোরাম) সভাপতি ছিলেন একাধিকবার। আজ সকাল ১০টায় তাঁর মরদেহ কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে ও দুপুর ১২টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা হবে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ মাঠে। কলেজ প্রাঙ্গণেই পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।