চলে গেলেন ইয়েকিনি
নাইজেরিয়ার বিশ্বকাপ মাতানো স্ট্রাইকার রাশিদি ইয়েকিনি আর নেই। গত শুক্রবার নাইজেরিয়ার ইবাদানে মাত্র ৪৮ বছর বয়সেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন বছর দুয়েক ধরে মানসিক রোগে ভোগা এই তারকা। ১৯৯৪ সালে বিশ্বকাপের ইতিহাসে নাইজেরিয়ার প্রথম গোলটি করেই স্মরণীয় হয়ে আছেন ইয়েকিনি। ৫৮ ম্যাচে ৩৭ গোল করে আফ্রিকার সাবেক বর্ষসেরা এই ফুটবলারই নাইজেরিয়ার সর্বোচ্চ গোলদাতা। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে করা গোলটিই বিশ্বখ্যাতি এনে দিয়েছে ইয়েকিনিকে। গোলটি দুর্দান্ত হলেও গোলের উদ্যাপনটাই মানুষ মনে রেখেছে বেশি। গোল করার পর জাল ধরে যেভাবে ব্যতিক্রমী উল্লাস করলেন সেই ছবিটাই মূর্ত হয়ে আছে। বিশ্বকাপে ওই একটিই গোল হলেও প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষে শিবিরে আতঙ্ক ছড়িয়েছিলেন ইয়েকিনি। যাদের মধ্য আছে আর্জেন্টিনাও। বিশ্বকাপের আগে ১৯৯৪ সালেই সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আফ্রিকান কাপ অব নেশনসে, চ্যাম্পিয়ন করেছিলেন নাইজেরিয়াকে। গতকালই নিজের রাজ্য কাওয়ারায় দাফন করা হয়েছে ইয়েকিনিকে। ওয়েবসাইট।