চলে গেলেন এক কিংবদন্তি জিমন্যাস্ট
একটা জায়গায় লারিসা লাতিনিনার পাশেই ছিলেন—অলিম্পিকের অল-অ্যারাউন্ড ইভেন্টে টানা দুবার সোনা জয়। সোভিয়েত ইউনিয়নের হয়ে ১৯৫৬ ও ১৯৬০ অলিম্পিকে সোনা জিতেছিলেন লাতিনিনা। আর ভেরা কাসলাভস্কা জিতেছিলেন ১৯৬৪ ও ১৯৬৮ অলিম্পিকে। মোট পদকের দিক থেকে লাতিনিনার (৯টি) চেয়ে অবশ্য ২টি সোনা কম জিতেছিলেন কাসলাভস্কা। তবে চেক প্রজাতন্ত্রের সর্বকালের সেরা অলিম্পিয়ান হিসেবেই ধরা হয় তাঁকে। সেই ভেরা কাসলাভস্কা আর নেই। তাঁর না-ফেরার দেশে চলে যাওয়ার খবরটি গতকাল দিয়েছে চেক প্রজাতন্ত্রের অলিম্পিক কমিটি।
কাসলাভস্কার বয়স হয়েছিল ৭৪ বছর। অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন। চেক দলের সঙ্গে রিও অলিম্পিকে যাওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন কিংবদন্তি এই নারী জিমন্যাস্ট। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে দলের সঙ্গে যাওয়া হয়নি তাঁর।
১৯৬৮ সালে চেক প্রজাতন্ত্রে সেভিয়েত ইউনিয়নের আগ্রাসনের কট্টর সমালোচক ছিলেন কাসলাভস্কা। রয়টার্স।