চলে গেলেন এক প্রোটিয়া কিংবদন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার ছিলেন জন ওয়েট, তাঁকে মনে করা হয় দেশটির সর্বকালের সেরা উইকেটরক্ষকদের একজন। যে শহরে জন্মেছিলেন, সেই জোহানেসবার্গেই ৮১ বছর বয়সে কাল পৃথিবীর মায়া কাটিয়েছেন এই কিংবদন্তি উইকেটরক্ষক। দেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড (১৪১) দীর্ঘ সময় ছিল তাঁর দখলে। পরে ডেভ রিচার্ডসন হয়ে রেকর্ডটি এখন মার্ক বাউচারের হাতে। ওয়েটের একটি রেকর্ড অবশ্য টিকে আছে এখনো। ১৯৬১-৬২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২৬টি ডিসমিসাল করেছিলেন, দক্ষিণ আফ্রিকার হয়ে এক সিরিজে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এটাই। ১৯৯৮ সালে এই রেকর্ড ছুঁয়েছেন বাউচার। যে যুগে উইকেটরক্ষকদের কাছ থেকে ব্যাটিংয়ে খুব বেশি আশা করত না দল, সেই যুগেও ৪টি সেঞ্চুরি আছে ওয়েটের। ব্যাটিং-গড় ৩০.৪৪। বছর দেড়েক আগে বাউচার-রিচার্ডসনদের টপকে ক্রিকইনফোর সর্বকালের সেরা দক্ষিণ আফ্রিকা একাদশে জায়গা পেয়েছিলেন ওয়েট। ওয়েবসাইট।