চলে গেলেন এক ফুটবল-মুক্তিযোদ্ধা
পরপারে পাড়ি জমানোর জন্য স্বাধীনতার মাসটাকেই বেছে নিলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার সিরাজউদ্দিন (সিরু)। পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে কাল ভোরে ঢাকার গুলবাগের বাড়িতে মারা যান ৬২ বছর বয়সী এই সাবেক ফুটবলার (ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কাল বাদ আসর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে মাতুয়াইল গোরস্থানে। মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের নিয়মিত সদস্য সিরাজউদ্দিন ১৯৬২ থেকে ১৯৭৬ পর্যন্ত প্রথম বিভাগের দল ইস্ট এন্ড ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিংয়ে স্টপার হিসেবে খেলেছেন দাপটের সঙ্গে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সোনালী অতীত ক্লাব, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, সম্মিলিত ক্রীড়া পরিবার, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।