চলে গেলেন গলফের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরনল্ড পামার
আরনল্ড পামার

চলে গেলেন গলফের প্রথম মহাতারকা আরনল্ড পামার। পরশু ৮৭ বছর বয়সে মারা গেছেন সাতটি মেজরজয়ী মার্কিন এই গলফার। গলফকে সারা বিশ্বে পরিচিত করার ও সাধারণ্যে জনপ্রিয় করার সিংহভাগ কৃতিত্বই দেওয়া হয় পামারকে। জ্যাক নিকলাস, গ্যারি প্লেয়ার ও পামার—গত শতকের ষাটের দশকে এই ত্রয়ীর আবির্ভাবেই বদলে গিয়েছিল গলফের মানচিত্র।
মেজর জয়ে নিকলাসের চেয়ে অনেক পেছনে থাকলেও গলফের ‘রাজা’ উপাধিটা পেয়েছেন পামারই। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি গলফ কোর্সের গ্রিনসকিপারের (কোর্স পরিচর্যাকারী) সন্তান পামার গলফের পেশাদার জগতে পা রাখেন ১৯৫৫ সালে। ক্যারিয়ারে ৯০টির বেশি শিরোপার প্রথমটি ওই বছরই জেতেন পামার। তিন বছর পর প্রথম মাস্টার্সজয়ী পামার সাত মেজরের ছয়টিই জেতেন ১৯৬০ থেকে ১৯৬৪ সালের মধ্যে।
গলফ খেলাটা টেলিভিশনে সরাসরি সম্প্রচার শুরু হয় ওই সময়েই। সৌম্য চেহারা, সাধারণ পরিবার থেকে উঠে আসার গল্প, মানুষের সঙ্গে সহজে মেশার ক্ষমতা ও গলফ কোর্সে সাফল্য মিলে রাতারাতি জনপ্রিয়তার চূড়ায় উঠে যান পামার। ‘আর্নিস আর্মি’ নামে পরিচিতি পামারের সমর্থকেরা কোর্সের পর কোর্সে ছায়ার মতোই অনুসরণ করতেন তাঁকে। জ্যাক নিকলাসের সঙ্গে তাঁর দ্বৈরথ কিংবদন্তি হয়ে আছে এখনো। এএফপি।