চলে গেলেন গিলমোর

২০০৫ সালে লিভার ট্রান্সপ্লান্টের পর থেকে বেঁচে থাকাই ছিল তাঁর নিত্য যুদ্ধ৷ কাল ক্ষান্তি দিলেন সেই যুদ্ধে৷ গত পরশুই নিতম্বে অস্ত্রোপচার করা হয়েছিল সিডনির একটি হাসপাতালে৷ সেখানেই গতকাল মারা গেছেন গ্যারি গিলমোর৷ বেঁচে থাকলে ২৬ জুন ৬৩তম জন্মিদনের কেক কাটতেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার৷
১৫ টেস্ট আর ৫ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ার৷ ক্রিকেট ইতিহাসে তবু আলাদা জায়গা করে নিয়েছেন ১৯৭৫ বিশ্বকাপের দুটি ম্যাচে৷ সেমিফাইনালে ১৪ রানে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছিলেন ৯৩ রানে৷ জবাবে ৩৯ রানে ৬ উইকেট হারালে অপরাজিত ২৮ রান করে দলকে ফাইনালে তোলেন গিলমোর৷ ফাইনালেও নিয়েছিলেন ৫ উইকেট৷ ১৫ টেস্টে ৫৪ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন একটি সেঞ্চুরি ও ৩টি ফিফটি৷ দুর্দান্ত এই সুইং বোলারের কাছে ক্রিকেট ছিল স্রেফ বিনোদন৷ অনুশীলনে তাই মন দিতে পারেননি কখনো৷ সঙ্গে পিছু না ছাড়া পায়ের চোট তো ছিলই৷ তাই খুব বেশি দীর্ঘ হয়নি ক্যারিয়ার৷ খুব লম্বা হলো না জীবনের ইনিংসটাও! ওয়েবসাইট৷