চলে গেলেন গ্রন্দোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুলিও গ্রন্দোনা (১৯৩১–২০১৪)
হুলিও গ্রন্দোনা (১৯৩১–২০১৪)

হুলিও গ্রন্দোনা আর নেই। গত বুধবার ৮২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, ফিফার দ্বিতীয় প্রধান ব্যক্তি, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি।
হৃদ যন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় গ্রন্দোনাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। জরুরি অস্ত্রোপচারের সময়ই মারা যান তিনি। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের পরের বছর এএফএর সভাপতির দায়িত্ব নেন গ্রন্দোনা। চার বছর পর পর এএফএর সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়ে আসেন। টানা ৩৫ বছর ক্ষমতায় ছিলেন, গত বছর আভাস দিয়েছিলেন ২০১৫ সালে তাঁর বর্তমান দায়িত্বের মেয়াদ শেষ হলে এএফএর সভাপতি পদে আর নির্বাচন করবেন না। কিন্তু সেই দায়িত্বের মেয়াদ পূরণ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো প্রায়ই বিতর্কের জন্ম দেওয়া গ্রন্দোনাকে। এই সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল মৌসুমের ফুটবল লিগ। তাঁর মৃত্যুতে তা স্থগিত করা হয়েছে। এএফএর সহসভাপতি হিসেবে কাজ করা লুইস সেগুরাকে আপাতত ফেডারেশন-প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৮৮ সালে গ্রন্দোনা ফিফার নির্বাহী সদস্য হন। সিঁড়ি বেয়ে একসময় হয়ে ওঠেন ফিফার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, সিনিয়র সহসভাপতি। ইংরেজি ভালো বলতে না পারলেও সংস্থার নীতিনির্ধারকদের একজন ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। ‘ভালো একজন বন্ধুর মৃত্যুতে আমি শোকাহত। ৮২ বছর বয়সে গ্রন্দোনা আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা’—শোক প্রকাশ করে টুইট করেছেন সভাপতি। শোক প্রকাশ করেছেন আর্জেন্টিনার ফুটবল গুরু সিজার লুইস মেনোত্তি, ‘আমার সঙ্গে তাঁর অনেক মতপার্থক্য ছিল। তবু এই মৃত্যু বেদনাদায়ক।’ আর লিওনেল মেসি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘ফুটবলের জন্যই এটা দুঃখের একটা দিন। দুঃখের দিন সব আর্জেন্টাইন এবং আমার জন্য...তাঁর আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবদের জন্য রইল আমার সান্ত্বনা এবং সমবেদনা।’
আর যঁার সঙ্গে গ্রন্দোনার বিবাদ ছিল একেবারে প্রবাদতুল্য, সেই ডিয়েগো ম্যারাডোনাও শোক প্রকাশ করেছেন। ‘গ্রন্দোনার পরিবারের জন্য থাকল আমার সমবেদনা’—ফেসবুকে লিখেছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা। এএফপি, রয়টার্স।