চলে গেলেন চেস্টারফিল্ড
বয়স হয়ে গিয়েছিল ৭৫, কিন্তু মন ছিল তরুণ। ক্রিকেটের প্রতি ভালোবাসা, আগ্রহ আর প্রাণচাঞ্চল্যে ভরপুর। এই বিশ্বকাপেও প্রেসবক্সে ছিল তাঁর প্রাণবন্ত উপস্থিতি। কদিন আগেও বলেছিলেন, ক্রিকেট ছাড়া একটি দিনের কথা এখনো ভাবতে পারেন না। সেই তিনি কাল চলে গেলেন সবকিছুর ঊর্ধ্বে। ক্রীড়া সাংবাদিকের পরিচয় ছাপিয়ে যাঁর পরিচয় হয়ে দাঁড়িয়েছিল একজন অনুকরণীয় ক্রিকেট ব্যক্তিত্বের, সেই ট্রেভর চেস্টারফিল্ডের জীবনাবসান হয়েছে কাল শ্রীলঙ্কার মোরাতুয়ায়।মোরাতুয়ার বাড়িতে ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে যাওয়ার পর তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, পথেই তিনি মারা যান। জন্ম নিউজিল্যান্ডে হলেও জীবনের বড় অংশ কেটেছে দক্ষিণ আফ্রিকায়। কয়েক বছর ধরে থাকছিলেন শ্রীলঙ্কা। কিছুদিন ক্রিকেট খেলেছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ারিংও করেছেন। এরপর বেছে নেন ক্রীড়া সাংবাদিকতা। ৫৫ বছর ছিলেন এই পেশায়, কাভার করেছেন ৭টি বিশ্বকাপ। লিখেছেন অনেক বিখ্যাত বই। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসি ও ক্রিকেট শ্রীলঙ্কা। ওয়েবসাইট।