চলে গেলেন জিয়াউল ইসলাম মাসুদ
গত পরশু অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কে জানত, জিয়াউল ইসলাম মাসুদ শেষযাত্রার পথেই নাম লিখিয়েছিলেন সেদিন! কাল বিকেলে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দলের সাবেক এই পেসার।
হাসপাতালে ভর্তি হয়েছিলেন রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায়। পরে অন্যান্য জটিলতাও দেখা দেয় শরীরে। অচল হয়ে গিয়েছিল দুটি কিডনিই। বয়স হয়েছিল ৬৩ বছর। রেখে গেছেন স্ত্রী ও দুই ছেলে। আজ বাদ জোহর ওয়ারীর র্যানকিন স্ট্রিট মসজিদে প্রথম জানাজা, বেলা আড়াইটায় আরেকটি জানাজা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জিয়াউল ইসলাম মাসুদের দাফন সম্পন্ন হবে আজিমপুর গোরস্থানে।
তাঁর খেলাধুলার শুরুটা অ্যাথলেটিকস দিয়ে। আস্তে আস্তে ঝুঁকে পড়েন ক্রিকেটে। ১৯৭৭ সালে ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে ক্লাব ক্রিকেটে যাত্রা শুরু। খেলেছেন আজাদ বয়েজ ও মোহামেডানেও। বাংলাদেশ দলের হয়ে খেলেছেন ১৯৭৯ আইসিসি ট্রফিতে। পরে জড়িয়েছেন আম্পায়ারিংয়ে, মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স এডুকেটর হিসেবে।
জিয়াউল ইসলাম মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া বিসিবি, সিসিডিএম, আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন, কোয়াব ও বিএসজেএ-ও শোক প্রকাশ করেছে।