চলে গেলেন জেনকিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মরে গিয়ে সম্ভবত এক দিক দিয়ে মুক্তিই পেয়েছেন তিনি। কারণ, যেকোনো ক্যানসারেরই শেষ ধাপে দুনিয়াটা মনে হয় নরক’—সতীর্থ ধারাভাষ্যকার টনি গ্রেগের মৃত্যুর প্রতিক্রিয়ায় গত পরশুই লিখেছিলেন ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স। তখনো কি জানতেন, মুক্তির দূত তাঁকেও সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে শিয়রে দাঁড়িয়ে!সবকিছুর মায়া কাটিয়ে গতকাল সকালে পরপারে চলে গেছেন সাংবাদিক এবং বিবিসি রেডিওর এই ধারাভাষ্যকার। বয়স হয়েছিল ৬৭ বছর। গত বছরের জানুয়ারিতে আবিষ্কার করেন, শরীরে বাসা বেঁধেছে ক্যানসার।জেনকিন্সের ক্যারিয়ার শুরু হয়েছিল ক্রিকেটার সাময়িকীর হয়ে। ১৯৭০ সালে যোগ দেন বিবিসিতে। সত্তরের দশক থেকে ২০১২ সালে শারীরিক দুর্বলতার কারণে সরে দাঁড়ানোর আগ পর্যন্ত ছিলেন ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ ধারাভাষ্য প্যানেলের অন্যতম সদস্য। ক্রিকেট প্রতিবেদক হিসেবে কাজ করেছেন ডেইলি টেলিগ্রাফ ও দ্য টাইমস-এও। ২০১০-১১তে ছিলেন এমসিসির সভাপতি। বইও লিখেছেন অনেক। যার একটির নাম সিএমজে: এ ক্রিকেটিং লাইফ। ওয়েবসাইট।