চলে গেলেন দালমা সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালমা সান্তোস
দালমা সান্তোস

সর্বকালের অন্যতম সেরা রাইট-ব্যাক হিসেবেই তাঁকে মেনে নিয়েছে বিশ্ব ফুটবল। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন দুবার। ফিফার অল স্টার একাদশে ছিলেন তিনবার। তাঁর পরে একমাত্র ফ্রাঞ্জ বেকেনবাওয়ারেরই আছে এই কীর্তি। ব্রাজিল কিংবদন্তি সেই দালমা সান্তোস আর নেই, শ্বসনতন্ত্রের জটিলতায় গত পরশু মারা গেছেন ৮৪ বছর বয়সে।
১৯৫২ সালে অভিষেকের পর ব্রাজিলের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। তবে ১৯৫৮ বিশ্বকাপটা সান্তোসের জন্য স্মরণযোগ্য আলাদাভাবেই। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বসে থাকার পর নিতান্তই পাকেচক্রে সুযোগ পেয়ে যান ফাইনালে। সুইডেনের বিপক্ষে সেই জয়ের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি, নিজেকে ব্রাজিল দলে অপরিহার্যই করে তোলেন। ১৯৬২ বিশ্বকাপও জেতেন এরপর।
রয়টার্স জানাচ্ছে, ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন ৯৮টি। ফিফা ডট কম অবশ্য বলছে, সংখ্যাটা ১১০। সে ক্ষেত্রে দালমা সান্তোসই প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ১০০টি ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন। ২০০৪ সালে পেলে নির্বাচিত জীবিত সেরা ফুটবলারদের তালিকায়ও ছিলেন।
ক্লাব ক্যারিয়ারটাও ছিল অর্জনের আলোয় উজ্জ্বল। ১৯ বছর বয়সে ১৯৪৮ সালে ব্রাজিলিয়ান দল পর্তুগিজাতে নাম লেখান সান্তোস। সেখানেই কাটিয়ে দেন ১১টি বছর। এরপর ১৯৫৯ সালে যোগ দেন পালমেইরাসে। তিনবার ঘরোয়া চ্যাম্পিয়নশিপ জেতেন এখানেই। অনেক লম্বাই হয়েছিল ক্লাব ক্যারিয়ারটা। ৪১ বছর বয়সে শেষবারের মতো ক্লাব বদল করেন, যান অ্যাটলেটিকো প্যারানেনসে। এখানেও ঘরোয়া লিগ জেতেন একবার। ওয়েবসাইট।
তবে একটা কারণে সান্তোসকে আলাদাভাবে মনে রাখতেই হবে। ডিফেন্ডার হয়েও ক্যারিয়ারে কখনো লাল কার্ড দেখেননি এই ব্রাজিলিয়ান!