চলে গেলেন পেলে-কীর্তির সাক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্তরের বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তোলায় বড় ভূমিকা ছিল তাঁর। পেয়েছিলেন সেই বিশ্বকাপের সেরা গোলরক্ষকের স্বীকৃতিও। তবে লাদিসলাও মাজুরকেভিচের নাম বললে এসবের আগেও মনে পড়ে ওই বিশ্বকাপেরই সেমিফাইনালে পেলের সেই অবিশ্বাস্য ‘ডামি’। পেলের যে ডামিটিকে বলা হয় মাঠে তাৎক্ষণিকভাবে করা ফুটবলের সেরা কৌশলগুলোর একটি। যদিও তা থেকে শেষ পর্যন্ত গোল হয়নি। গোলপোস্টের সামনে দাঁড়িয়ে পেলের সেই ‘কীর্তি’র সাক্ষী হওয়া মাজুরকেভিচ মারা গেছেন। বয়স হয়েছিল ৬৭। কিডনি আর শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার উন্নতি তো হয়ইনি, উল্টো কোমায় চলে গিয়েছিলেন। কোমার সেই ঘুম থেকে চলে গেলেন চিরনিদ্রায়। এএফপি।