চলে গেলেন প্রেস্টনের কলমিস্ত্রি
১৯৫৩ সাল। তখন ইংলিশ ফুটবলারদের দেশের বাইরে খেলাটা একরকম অভাবিতই ছিল। ইতালির ক্লাব পালের্মো সেই সময়ের রেকর্ড ৫০ হাজার পাউন্ড ট্রান্সফার ফির একটা প্রস্তাব দেয় টম ফিনিকে। বেতন মাসে ১০০ পাউন্ড, সময়ের বিচারে দারুণ লোভনীয়। প্রেস্টন নর্থ এন্ডে ফিনি তখন পেতেন মাত্র ১২ পাউন্ড! অনেকেই প্রস্তাবটা লুফে নিতেন, কিন্তু ফিনি মৃদু হেসে জানিয়ে দেন, ‘আমি সব সময়ই প্রেস্টনের।’
এই হলো স্যার টম ফিনি। প্রেস্টনের সর্বকালের সেরা ফুটবলার, ইংল্যান্ডের সেরাদের একজন। দুবার জিতেছিলেন ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। প্রেস্টন ও ইংল্যান্ড কিংবদন্তি আর নেই, পরশু ৯১ বছর বয়সে পাড়ি জমিয়েছেন অন্যলোকে।
১৯৪৬ সালে অভিষেক এই ফরোয়ার্ডের। ক্যারিয়ারের পুরোটাই প্রেস্টনে কাটিয়ে অবসর নেন ১৯৬০ সালে। প্রেস্টনের হয়ে ৪৭৩ ম্যাচে গোল করেছেন ২১০টি, ৭৬ ম্যাচে ৩০ গোল ইংল্যান্ডের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ। অবসরের পর বেছে নিয়েছিলেন পারিবারিক পেশা প্লাম্বিং (কলমিস্ত্রি)। এ জন্য তাঁর পরিচিতিই হয়ে গিয়েছিল ‘প্রেস্টন প্লাম্বার’। সমসাময়িক স্যার স্ট্যানলি ম্যাথুজ একবার ফিনি সম্পর্কে বলেছিলেন, ‘খেলার গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে আপনার কিছু গুণ থাকতে হবে। এটা যাঁদের ছিল তাঁদের আপনি হাতের আঙুলে গুনতে পারবেন—পেলে, ম্যারাডোনা, বেস্ট, ডি স্টেফানো ও টম ফিনি।’ এএফপি, ওয়েবসাইট।